দেশে করোনায় নতুন রোগী শনাক্তের সংখ্যা বাড়ছে প্রতিদিন। বাড়ছে শনাক্তের হার আর মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ১ হাজার ১৪০ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ তালিকায় আছেন সংগীতশিল্পী সিঁথি সাহা। বুধবার বিকেলে করোনা পরীক্ষা করান এই সংগীতশিল্পী। আজ বৃহস্পতিবার সকালে ফলাফল পজিটিভ এসেছে। তথ্যটি নিজেই নিশ্চিত করছেন সিঁথি সাহা। ডাক্তারের পরামর্শে আপাতত বাসায় অবস্থান করছেন তিনি।
তিনি আরও বলেন, ‘মোটামুটি খারাপই শরীর। জ্বর, কাশি, গলাব্যথা, মাথাব্যথা ও পেটব্যথা আছে। ডাক্তারের পরামর্শে আপাতত বাসায় চিকিৎসা নিচ্ছি। অবস্থা বুঝে হাসপাতালে ভর্তি হব। সবাই আমার জন্য দোয়া করবেন।’বর্তমান সংগীতশিল্পীদের স্টেজ শোর মৌসুম চলছে। আফসোস নিয়ে সিঁথি বলেন, ‘প্রচুর শো করছিলাম কিন্তু করোনায় আক্রান্ত হওয়ার কারণে আটকে গেলাম। আগামীকাল গাজীপুরে একটি শো ছিল, বাতিল করেছি।’এদিকে বিদায়ী বছরের ২ ডিসেম্বর শাফকাত আমানত আলীর সঙ্গে সিঁথির গাওয়া ‘রাত জাগা পাখি’ নামে একটি ডুয়েট গান তাঁর নিজের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। ইমরান মাহমুদুলের সঙ্গে ‘বেহাল বেঘোর’ নামে আরেকটি ডুয়েট প্রকাশের অপেক্ষায়। এর মধ্যে তিনটি একক গানও রেকর্ডিং শেষ করেছেন এই গায়িকা। এ ছাড়া মাছরাঙা টেলিভিশনে প্রচারিত দেশ–বিদেশের শিল্পীদের সংগীত আড্ডা নিয়ে ‘সিঁথির অতিথি’ নামে একটি মিউজিক্যাল শোতে উপস্থাপনা করছেন সিঁথি সাহা। এরই মধ্যে শোটির ৭১ পর্ব প্রচারিত হয়েছে।






