সংগীতশিল্পী মিলার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সংগীতশিল্পী মিলার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। পরোয়ানা ইতিমধ্যে পৌঁছে গেছে পল্লবী থানায়। গ্রেপ্তারের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই এই সংগীতশিল্পীকে বিভিন্ন স্থানে খোঁজা হচ্ছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী জানান, এই সংগীতশিল্পীকে ধরতে পুলিশের দুটি ইউনিট কাজ করছে। মিলার দাবি, তাকে ফাঁসানো হয়েছে।
প্রায় দুই বছর আগে সংগীতশিল্পী মিলার বিরুদ্ধে অ্যাসিড হামলার অভিযোগে মামলা করেছেন তাঁর সাবেক স্বামী এস এম পারভেজ সানজারির বাবা এস এম নাসির উদ্দিন। সেই মামলায় আদালত তাঁকে গ্রেপ্তারের আদেশ দিয়েছেন। পল্লবী থানার ওয়াজেদ আলী জানান, দুই বছর আগে উত্তরার পশ্চিম থানায় এই গায়িকার বিরুদ্ধে মামলা হয়। সেই চলমান মামলায় তাঁর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে। গত ১০ তারিখে এই মামলার গ্রেপ্তারি পরোয়ানা আদালত পল্লবী থানায় পাঠিয়েছেন। তিনি বলেন, ‘গতকাল থেকেই আমরা তাঁকে অ্যারেস্ট করার জন্য চেষ্টা করছি। তাঁর বাসাসহ ঢাকার অনেকগুলো লোকেশনে তাঁর খোঁজ করেছি। কোথাও তাকে খুঁজে পাইনি। আমাদের দুটি ইউনিট সার্বক্ষণিক তাঁকে ধরার চেষ্টা চালাচ্ছে। যেখানেই থাকুক, আমরা যত তাড়াতাড়ি পারি তাঁকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করব।’