লিভারপুলকে তাহলে ট্রফিটা দিয়ে দিলেই হয়! কিন্তু সেটা তো আর সম্ভব নয়। ফাইনালে তাদের লড়তে হবে রিয়াল মাদ্রিদের সঙ্গে। কিন্তু এবারের চ্যাম্পিয়নস লিগের চূড়ান্ত লড়াইয়ের আগে লিভারপুলের দিকেই পাল্লাটা ভারী দেখছে বাংলাদেশের ফুটবল মহল।
ইউরোপ–সেরার লড়াইয়ে কারা ফেবারিট? এই প্রশ্নে বাংলাদেশের শীর্ষ স্তরের সাতজন কোচ ও ফুটবলারের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। প্রত্যেকেই এগিয়ে রাখছেন লিভারপুলকে। ‘রিয়াল মাদ্রিদ ভালো দল’, ‘ফাইনালে যেকোনো কিছুই হতে পারে’ ইত্যাদি বলার পর সবার মুখে অভিন্ন সুর—শেষ হাসি হাসতে পারে লিভারপুলই।
সেটি শুধু লিভারপুলের আক্রমণভাগের শক্তি দেখে নয়, সামগ্রিকভাবে গোটা দলটাকেই এগিয়ে রাখছেন বাংলাদেশের ফুটবলবোদ্ধাদের বেশির ভাগ। যদিও কঠিন একটা ম্যাচই হবে মনে করছেন তাঁরা। কারণ, দুই দলই আক্রমণে খুব ভালো। তবে তুল্যমূল্য বিচারে দেশের শীর্ষ কোচ-ফুটবলারের অনেকেরই বিশ্বাস, ট্রফি থেকে যেতে পারে ইংল্যান্ডেই।
এবার রিয়ালের বিপক্ষে লিভারপুলকে এগিয়ে রাখার ব্যাখ্যায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কোচ সাইফুল বারী টিটু বলছেন, ‘দুই দলেরই মান খুব ভালো, আক্রমণে যেতে পছন্দ করে দুই দলই। তবে চুলচেরা বিচারে লিভারপুল বেশি আক্রমণাত্মক। অনেক টিম যেমন গুটিয়ে থাকে, রয়েসয়ে খেলে, লিভারপুল তেমন নয়। তারা প্রেস করে এবং দ্রুত আক্রমণে চলে যায়। ওরা আক্রমণ তৈরি করতে ভালোবাসে, যা তাদের এগিয়ে রাখছে।’






