মার্ক জাকারবার্গের সাফ কথা, শুধু টাকার জন্যই তিনি ফেসবুক তৈরি করেননি। গত ৩১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের উটাহের সল্ট লেক সিটিতে সিলিকন স্লোপস টেক সামিটে গিয়েছিলেন তিনি। সেখানে চেষ্টা করলেন ফেসবুক ও তাঁর সম্পর্কে তৈরি হওয়া ধারণাগুলো কিছুটা খণ্ডন করতে। জানালেন, এই দশকে মানুষের কাছে পছন্দের ব্যক্তিত্ব হিসেবে নয় বরং নিজেকে বোধগম্য করে তোলাই তাঁর লক্ষ্য। এক অর্থে লাইক নয়, ফেসবুকের প্রধান নির্বাহী মানুষের মন চাইছেন!
জাকারবার্গের অবস্থা হয়েছে নন্দ ঘোষের মতো। বন্ধুতে বন্ধুতে বিবাদ—দোষ জাকারবার্গের। দেশে দেশে যুদ্ধ—দোষ ওই জাকারবার্গের। সব অভিযোগ যে ভিত্তিহীন, তা-ও নয়। কেননা ইতিমধ্যে একাধিকবার ফেসবুকের বিরুদ্ধে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বেহাত করার প্রমাণ মিলেছে। বিচারের কাঠগড়াতেও দাঁড়িয়েছেন জাকারবার্গ। ফলে মানুষের ধারণা, জাকারবার্গ ফেসবুক তৈরিই করেছেন টাকার জন্য। মানুষের এই ধারণার ব্যাপারে তাঁর বক্তব্য, ‘একটা ব্যবসা দাঁড় করাব অথবা অনেক বিজ্ঞাপন বেচব কিংবা অনেক অর্থ উপার্জন করব বলে এর মধ্যে আসিনি।’






