শিশুর মূত্রনালির সংক্রমণ

কিডনি অকার্যকর হওয়ার পেছনে যতগুলো কারণ আছে, তার মধ্যে বারবার মূত্রনালির সংক্রমণ অন্যতম। শিশুরাও এই সমস্যায় ভোগে।

শিশুদের মূত্রনালিতে প্রস্রাবের প্রবাহে কোনো ধরনের প্রতিবন্ধকতা বা বাধার সৃষ্টি হলে এই সংক্রমণ বারবার হতে পারে। কারণ, প্রতিবন্ধকতা থাকলে প্রস্রাব মূত্রনালিতে জমতে থাকে, ঠিকমতো বের হতে পারে না। জমতে থাকা এই প্রস্রাবে জীবাণুর সংক্রমণ ঘটে। ধীরে ধীরে তা মূত্রনালির নিচের অংশ থেকে ওপরের দিকে ছড়িয়ে পড়ে এবং একসময় কিডনিও আক্রান্ত হয়। একপর্যায়ে কিডনি কর্মক্ষমতা হারায়।

মূত্রনালিতে প্রতিবন্ধকতার কারণ

  • শিশুদের কোষ্ঠকাঠিন্য থাকলে অন্ত্রে জমা কঠিন মল পাশের মূত্রনালির ওপর চাপ সৃষ্টি করতে পারে। এতে মূত্রনালি সংকীর্ণ হয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে।
  • প্রস্রাব দীর্ঘ সময় চেপে রাখলে সমস্যা হতে পারে।
  • মূত্রনালির শুরু থেকে শেষ পর্যন্ত যেকোনো পর্যায়ে জন্মগত ত্রুটি থাকলে প্রস্রাবের প্রবাহে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে।
  • পানি কম পান করলে।
  • প্রস্রাব পুরোপুরি না হলে বা মূত্রথলি ঠিকভাবে খালি না হলে এমনটা হতে পারে।
  • শিশুদের ডায়াপার পরানোর পর মলমূত্রসহ দীর্ঘ সময় রেখে দিলে তা সংক্রমণের ঝুঁকি বাড়ায়।
  • রাসায়নিক মিশ্রিত পানি বা সাবানের ফেনাযুক্ত পানিতে দীর্ঘ সময় গোসল করলে সমস্যা হতে পারে।