শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করা ও চাঁদাবাজি বন্ধের দাবি

অন্তর্বর্তী সরকারের কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করা ও চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা। একই সঙ্গে তাঁরা ব্যাংক খাত ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার চেয়েছেন।অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ মঙ্গলবার বিকেলে প্রায় দুই ঘণ্টাব্যাপী মতবিনিময়কালে এ দাবি করেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের নেতারা। সভার শুরুতে তাঁরা কয়েকটি সংবাদপত্রে ছাপা হওয়া ব্যাংক লুটপাটের খবর দেখিয়ে বলেন, এক-দুজন ব্যবসায়ীর কাছে যদি এত টাকা চলে যায়, তাহলে অন্য ব্যবসায়ীরা ব্যাংক থেকে কীভাবে টাকা পাবেন।

ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় আইসিসি বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান; আইসিসি বাংলাদেশের সহসভাপতি এ কে আজাদ ও নাসের এজাজ বিজয়, সদস্য তপন চৌধুরী, কুতুবউদ্দিন আহমেদ, মীর নাসির, মাহবুবুল আলম, আফতাব উল ইসলাম, কামরান টি রহমান, সিমিন রহমান, ফজলুল হক, মোহাম্মদ হাতেম, আশরাফ আহমেদ প্রমুখ।

এ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. মুহাম্মদ ইউনূস আইসিসি বাংলাদেশের নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁর প্রশাসন উত্তরাধিকারসূত্রে বিপর্যস্ত অর্থনীতি পেয়েছে। তবে তিনি নিশ্চিত যে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে পরিস্থিতির দ্রুত উন্নতি হবে।