‘বাংলাদেশকে ফাইনালে নিয়ে যেতে চাই আমরা’, কথাটি বলেছিলেন নেপাল জাতীয় দলের সহকারী অধিনায়ক রোহিত চাঁদ। আজ সন্ধ্যায় নেপালের কল্যাণে তিন জাতি টুর্নামেন্টে সবার আগে ফাইনাল নিশ্চিতও করেছে বাংলাদেশ। কিন্তু নিজেদের ফাইনালে নেওয়ার কাজটি পরিপূর্ণ করতে পারেনি নেপাল।
টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে আজ দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে কিরগিজস্তান অনূর্ধ্ব–২৩ দলের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে নেপাল। আগে থেকেই জানা ছিল স্বাগতিকেরা না হারলেই এক ম্যাচ হাতে রেখে ফাইনালে চলে যাবে বাংলাদেশ। ম্যাচটি ড্রয়ের ফলে ফাইনাল নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। এর আগে নিজেদের প্রথম ম্যাচে কিরগিজস্তান অনূর্ধ্ব–২৩ দলের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ১–০ গোলে জিতেছিল জেমি ডের দল।






