করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঘরের বাইরে বের হলেই মাস্ক পরার নির্দেশনা থাকলেও রংপুরের তারাগঞ্জ হাটে আসা বেশির ভাগ লোক তা মানছেন না। অধিকাংশ লোকের মুখে মাস্ক নেই। কারও কারও মাস্ক থাকলেও তা নামানো থুতনিতে। একজন আরেক জনের গা ঘেঁষে করছেন কেনাবেচা। সোমবার দুপুরে তারাগঞ্জ হাটের দৃশ্য এটি।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ১৮টি হাটবাজার আছে। এর মধ্যে সবচেয়ে বড় হাট তারাগঞ্জ। প্রতি সোম ও শুক্রবার বসে এ হাট।
সোমবার বিকেল ৫টার দিকে তারাগঞ্জ হাটের হাঁস-মুরগির বাজারে গিয়ে দেখা যায়, গিজ গিজ করছে মানুষে। কেউ দরদাম করছেন, কেউ টাকা গুনছেন। আবার কেউ কেনাকাটা করে বাড়ি ফিরছেন। অনেকের মুখে মাস্ক নেই।
হাটে বাজার করতে আসা পাতাইপাড়া গ্রামের জহুরুল ইসলাম বলেন, আগের মতোই হাটে মানুষের ভিড়। অনেকে মাস্কও ব্যবহার করছেন না। ব্যবসায়ীরাও ক্রেতাদের কিছু বলছেন না। হুড়োহুড়ি করে গা ঘেঁষে কেনাকাটা চলছে।






