নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে বসবাসকারী রোহিঙ্গা নাগরিকদের মধ্যেও ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত ১৫ দিনে সেখানে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে চার শিশুসহ পাঁচজন। এ ছাড়া স্থানীয় হাসপাতাল থেকে ডায়রিয়ার চিকিৎসা নিয়েছেন কমপক্ষে দেড় হাজার রোগী। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১৩ জন।
ভাসানচরের ২০ শয্যার হাসপাতাল, জেলা সিভিল সার্জনের কার্যালয় ও প্রশাসনিক কর্মকর্তা সূত্রে এসব তথ্য জানা গেছে।
ভাসানচর ২০ শয্যা হাসপাতালের চিকিৎসক রাহাত তানভীর আনোয়ার বুধবার প্রথম আলোকে বলেন, ১৫ দিন ধরে হাসপাতালের বহির্বিভাগে ও অন্তর্বিভাগে রোগীর চাপ বাড়তে থাকে। গড়ে প্রতিদিন ৩০-৩৫ জন ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে। আক্রান্ত ব্যক্তিদের বয়স ১ বছর থেকে ৭০ বছর বয়স পর্যন্ত। প্রায় ৬০০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চরের ২০ শয্যা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।






