রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অর্থ আসা কমে গেছে

যুদ্ধের কারণে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অর্থ আসা কমে গেছে। আবার এ প্রকল্পের যন্ত্রপাতি আমদানির জন্য বাংলাদেশ থেকে রাশিয়ায় অর্থ পাঠানোও বন্ধ রয়েছে। এ অবস্থায় তৃতীয় দেশের মাধ্যমে অর্থ আদান-প্রদান স্বাভাবিক করতে কাজ করছে দুই দেশ।

রাশিয়ার সঙ্গে এ প্রকল্পের অর্থ লেনদেনে জড়িত দেশের একাধিক ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, যুদ্ধ শুরুর পর রাশিয়ার আর্থিক লেনদেনের ক্ষেত্রে পশ্চিমা নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক লেনদেনব্যবস্থা সুইফট থেকে রাশিয়ার ব্যাংকগুলোকে বের করে দেওয়ার কারণে এ সমস্যা তৈরি হয়েছে।

পাবনার রূপপুরে ১ হাজার ২০০ মেগাওয়াটের দুটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে সরকার। এ বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার। প্রতি ডলারের বিনিময়মূল্য ১০৫ টাকা ধরে হিসাব করলে দেশীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা। দেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সিংহভাগ অর্থায়ন করছে রাশিয়া। দেশটি এ প্রকল্পে ঋণ দিচ্ছে ১ হাজার ১৩৮ কোটি ডলার।

গত আগস্ট পর্যন্ত ঋণের ৪৯৭ কোটি ডলার ছাড় করা হয়েছে। বাকি আছে ৬৪১ কোটি ডলার। এ প্রকল্পের মেয়াদ ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত। তবে ২০২৪ সালে এ কেন্দ্র থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরুর কথা রয়েছে।

রূপপুর প্রকল্পে রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশন রোসাটমের নেতৃত্বে ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে এটমস্ট্রয়এক্সপোর্ট। আর কাজটি ভাগ করে দেওয়া হয়েছে বিভিন্ন দেশের ২২টি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে। তাতে প্রকল্পটির ঋণের টাকার একটি বড় অংশ যাচ্ছে এই প্রতিষ্ঠানগুলোর কাছে।