রাশিয়ার টিকা করোনা ঠেকাতে কার্যকর

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে রাশিয়ার তৈরি টিকা স্পুতনিক-ভি ৯১ দশমিক ৬ শতাংশ কার্যকর বলে দাবি করা হয়েছে। করোনার উপসর্গ থাকা ৬০ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে এই কার্যকারিতা ৯১ দশমিক ৮ শতাংশ। এই টিকার তৃতীয় পর্যায়ের পরীক্ষার অন্তর্বর্তীকালীন তথ্য বিশ্লেষণের ভিত্তিতে এমন দাবি করা হয়।

এর আগে টিকাটির পরীক্ষামূলক প্রয়োগের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন বিশ্লেষণে দাবি করা হয়েছিল এটা ৯৫ শতাংশ কার্যকর।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান আজ এক প্রতিবেদনে বলেছে, স্পুতনিক-ভি টিকার অন্তর্বর্তী পরীক্ষায় অংশ নেন ২০ হাজারের বেশি মানুষ। তাদের এক-তৃতীয়াংশকে এই টিকা দেওয়া হয়। বাকিদের দেওয়া হয় প্লাসেবো (প্রতিক্রিয়াহীন তরল পদার্থ)। আসল টিকা গ্রহণকারীদের কারও বড় ধরনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। যদিও টিকা নেওয়ার পর কেউ কেউ হালকা জ্বরের মতো উপসর্গ, ইনজেকশনের স্থানে ব্যথা বা দুর্বলতা বোধ করেছিলেন।