একটু দেরিই করে ফেললেন ডোনাল্ড ট্রাম্প। তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই বিশ্বব্যাপী একটি আশঙ্কা সৃষ্টি হয়েছিল। বলা হচ্ছিল, যেকোনো সময় পাগলামি করে বসতে পারেন এই ধনকুবের রাজনীতিবিদ। শেষ পর্যন্ত ইরানকে প্রতিপক্ষ বানিয়ে অশান্তি তিনি তৈরি করলেন বটে, তবে সময়টা বড্ড গোলমেলে। হিসাবে গরমিল হলে গদি নিয়েও টানাটানি পড়তে পারে ট্রাম্পের।
বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে এখন সবচেয়ে কঠিন সময় পার করছেন ডোনাল্ড ট্রাম্প। এ জন্য তাঁর ব্যর্থ নেতৃত্বকেই দায়ী করা হচ্ছে। একজন নেতা তখনই সফল হন, যখন তাঁর সুষ্ঠু বিবেচনাবোধ থাকে এবং প্রতিপক্ষের সামর্থ্য সম্পর্কে তিনি ওয়াকিবহাল থাকেন। এই দুই ক্ষেত্রেই ট্রাম্প অনেক পিছিয়ে। নিন্দুকেরা বলে থাকেন—ট্রাম্প কখন কী করবেন বা করতে পারেন, সেই সম্পর্কে অনুমান করা তাঁর সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তির পক্ষেও সম্ভব নয়। তিনি এতটাই খামখেয়ালি! এহেন ব্যক্তি যখন পরমাণু হামলার নির্দেশ দেওয়ার মতো চূড়ান্ত ক্ষমতার অধিকারী হন, তখন আরও বেতাল হওয়াই স্বাভাবিক। এর সঙ্গে যদি যুক্ত হয় শত্রু ও মিত্রকে হেলা করার প্রবণতা, তখনই সংঘাত অনিবার্য। এবার তেমনই এক সংঘর্ষের সূচনাপর্ব দেখা যাচ্ছে।
একবিংশ শতাব্দীর পৃথিবীতে যুদ্ধ এমন একটি জটিল ধাঁধা, যাতে ঢুকে পড়া সহজ, কিন্তু বের হওয়া বেজায় কঠিন। চলতি শতকের শুরুতেই বেশ কয়েকবার তা দেখা গেছে। আফগানিস্তান, ইরাক, সিরিয়া এখনো যুদ্ধক্ষেত্র হয়েই আছে। এর পাশাপাশি ইরান ও যুক্তরাষ্ট্র নতুন যুদ্ধের দামামা বাজাচ্ছে। মূলত দুই পক্ষই কিছু ভুল অনুমান থেকে একে-অপরকে জব্দ করার চেষ্টা করেছিল। আর তাতেই ঘটেছে বিপত্তি।






