যুক্তরাষ্ট্রে তিন লাখ নতুন কর্মসংস্থান তৈরি করেছে আইওএস অ্যাপ

অর্থনীতিতে করোনাভাইরাস বড় বাধা তৈরি করেছে। চাকরির বাজারেও পড়েছে বড় প্রভাব। এসব চ্যালেঞ্জ তো রয়েছেই। তবু অ্যাপল বলছে, ২০১৯ সালের এপ্রিল থেকে এ পর্যন্ত শুধু যুক্তরাষ্ট্রে তিন লাখ নতুন কর্মসংস্থান তৈরি করেছে আইওএস অ্যাপ ইকোনমি।

অ্যাপ ইকোনমি কী

২০০৮ সালে আইফোন এবং আইপ্যাডের জন্য অ্যাপ স্টোর চালু করে অ্যাপল। আর অ্যান্ড্রয়েডের জন্য গুগল আনে প্লে স্টোর। অ্যাপ তৈরি থেকে শুরু করে ব্যবহারকারীর স্মার্টফোনে পৌঁছানো এবং এর পরবর্তী সেবাগুলোর সঙ্গে অনেক কর্মসংস্থান জড়িত। অ্যাপ অনেক উদ্যোক্তা তৈরি করেছে, শুধু অ্যাপকেন্দ্রিক অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আবার বিজ্ঞাপনী আয়ের ওপর নির্ভর করে অনেক মুক্ত পেশাজীবী সফটওয়্যার নির্মাতা (ডেভেলপার) দিব্যি জীবিকা নির্বাহ করছে। অর্থনীতিতে অ্যাপ ইকোসিস্টেমের সার্বিক অবদানকে বলা হচ্ছে অ্যাপ ইকোনমি। আর শুধু আইফোনের অপারেটিং সিস্টেম আইওএসনির্ভর হলে বলা হয় আইওএস অ্যাপ ইকোনমি।

অ্যাপল জানিয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অনেকে কাজ হারালেও অ্যাপ নির্মাতাদের কাজে তার প্রভাব পড়েনি। অ্যাপ স্টোর ইকোসিস্টেম যুক্তরাষ্ট্রে ২১ লাখ কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। গত বছরের তুলনায় যা ১৫ শতাংশ বেশি। আর দেশটিতে অ্যাপল সার্বিকভাবে ২৭ লাখ কর্মসংস্থান তৈরি করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে মার্কিন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানটি জানিয়েছে।