যুক্তরাজ্য সরকারও টিকার বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করছে

করোনাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়ার ব্যাপারে এখনই পরিকল্পনা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের চিকিৎসকেরা ও জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএস ট্রাস্ট।

তবে এই বুস্টার ডোজ বা টিকার কার্যকারিতা নিয়েও বেশ কিছু প্রশ্ন তুলেছেন চিকিৎসকেরা। তাঁরা বলছেন, করোনাভাইরাসের টিকা নেওয়ার পর এর প্রতিরোধব্যবস্থা শরীরে কত দিন কার্যকর থাকে, এ প্রশ্নের উত্তর জানা দরকার। শিশুদের এই টিকা দিতে হবে কি না, সেটাও জানা দরকার। তাঁরা বলেছেন, ‘যে টিকা দেওয়া হচ্ছে, সেটি জরুরি ভিত্তিতে। কিন্তু আমরা এভাবে চলতে পারি না।’

যুক্তরাজ্য সরকারও টিকার বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করছে। তবে এই বছরের শেষের দিকে এই ডোজ দেওয়া হবে বলে জানিয়েছে সরকার। আর এটা নির্ভর করবে টিকার ডোজের ট্রায়ালের পরিসংখ্যানের ওপর।

করোনাভাইরাসের টিকা দেওয়ার ক্ষেত্রে যে দেশগুলো এগিয়ে রয়েছে, তার মধ্যে অন্যতম যুক্তরাজ্য। দেশটির শতকরা ৬০ ভাগ প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে ইতিমধ্যে টিকা দেওয়া হয়েছে। এই ৬০ শতাংশ টিকার দুই ডোজই পেয়েছেন। এ ছাড়া প্রতি পাঁচজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মধ্যে চারজন এক ডোজ টিকা পেয়েছেন।