যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘সামনের দিনগুলোতে করোনাভাইরাসের দ্বিতীয় তরঙ্গ আসতে পারে। আমরা ইউরোপের ফ্রান্স ও স্পেনে এই দ্বিতীয় তরঙ্গ দেখতে পাচ্ছি। শঙ্কা হচ্ছে, আমাদের দেশেও দ্বিতীয় এই তরঙ্গ আসছে।’ অক্সফোর্ডের কাছে ডিডকটে নতুন ভ্যাকসিন সেন্টারে বরিস জনসন এসব কথা বলেন।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, সংক্রমণ রোধে বিধিনিষেধ জোরদার করা হবে কি না, তা নিয়ে ভাবছেন বরিস জনসন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, আবার লকডাউন হলে দেশ অর্থনৈতিকভাবে বিপর্যয়ের মধ্যে পড়বে। তিনি দ্বিতীয় দফা লকডাউন চান না। সামাজিক দূরত্ব জোরদারে গুরুত্ব দেন। তবে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক সতর্কতা জারি করে বলেন, সারা দেশে লকডাউন আবার চালু করা হতে পারে। গত জুনে লকডাউন আংশিকভাবে তুলে নেওয়া হয়েছিল। কিন্তু প্রতি আট দিনে হাসপাতালে রোগী ভর্তির হার দ্বিগুণ হচ্ছে।






