যুক্তরাজ্যে অভিবাসন নীতির কড়াকড়িতে চরম আতঙ্কে ভুগছেন নিম্ন আয়ের এক ঘানাইয়ান সেবিকা

অভিবাসন নীতির কড়াকড়িতে চরম আতঙ্কে ভুগছেন নিম্ন আয়ের এক ঘানাইয়ান সেবিকা। হোম সেক্রেটারি কর্তৃক ঘোষিত কঠোর নীতির কারণে তিনি আইনগতভাবে প্রাপ্য সব ধরনের সরকারি সুবিধা বাতিল করেছেন। এর মধ্যে রয়েছে তার আট বছর বয়সী অটিস্টিক মেয়ের জন্য পাওয়া প্রতিবন্ধী ভাতাও। ওই নারী বর্তমানে যুক্তরাজ্যে বৈধভাবে কাজ করছেন এবং বসবাস করছেন। অভিবাসন স্থায়ীকরণের ক্ষেত্রে কোনো ঝুঁকি নিতে না চাওয়ায় এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি।

হোম সেক্রেটারি শাবানা মাহমুদ গত ২০ নভেম্বর যে অভিবাসন নীতি পরিবর্তন করেন, তাতে বৈধভাবে বসবাসকারী এবং কর্মরত ব্যক্তিরা যারা সরকারি সুবিধা গ্রহণ করেন, তারা বিপাকে পড়েছেন। এই ঘোষণার পর সম্ভবত এটিই প্রথম ঘটনা, যেখানে তিনজন সন্তানের জননী ওই সেবিকা তার সব ইন-ওয়ার্ক বেনিফিট বাতিল করার জন্য কর্মকর্তাদের কাছে আবেদন জানিয়েছেন। এর মধ্যে তার আবাসন ভাতা (হাউজিং বেনিফিট) এবং স্বল্প আয়ের জন্য পাওয়া ইউনিভার্সাল ক্রেডিটও রয়েছে।

ঐ সেবিকার আট বছর বয়সী অটিস্টিক মেয়ে ব্যক্তিগত যত্ন এবং চলাফেরার সাহায্যের জন্য প্রতি সপ্তাহে ১০৩.১০ পাউন্ডের ডিজেবিলিটি লিভিং অ্যালাউন্স (DLA) পেত। এই ভাতাও বাতিল করতে বলা হয়েছে। আগের নিয়মে পাঁচ বছর থাকার পর স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করা যেত, কিন্তু নতুন প্রস্তাবে সেই সময়সীমা বাড়িয়ে ২০ বছর করা হয়েছে, যা ‘১০ বছরের রুট’-এ থাকা অভিবাসীদের জন্য বড় ধাক্কা।

ঐ নারী এখন যে ‘১০ বছরের রুট’-এ আছেন, তাতে প্রতি ৩০ মাস অন্তর ভিসা নবায়নের জন্য মোটা অঙ্কের অর্থ খরচ করতে হয় এবং এক দশক পর স্থায়ীভাবে বসবাসের অনুমতি (ILR) পাওয়ার যোগ্য হন। নতুন নিয়মে যারা এক বছরের বেশি সময় ধরে সরকারি সুবিধা নিয়েছেন, তাদের ক্ষেত্রে স্থায়ী বসবাসের জন্য ২০ বছর অপেক্ষা করতে হতে পারে। প্রায় নয় বছর সময় পার করা এই সেবিকা জানান, কমিউনিটির আইনজীবীরা টিকটক ভিডিওর মাধ্যমে সতর্ক করছেন যে সরকারি সুবিধা নিলে ILR পাওয়ার যোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

এ বিষয়ে তিনি বলেন, ‘এই পরিবর্তনের কথা শুনেই আমি আমার সব ভাতা বাতিল করার সিদ্ধান্ত নিই। এখন আমার কাজ করার সময় সপ্তাহে ৫০ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬০ ঘণ্টা করতে হবে, যাতে আমি ভাড়া দিতে এবং বাচ্চাদের খাওয়াতে পারি।’ তিনি আরও বলেন, তার মেয়েটি অটিস্টিক হওয়ায় রাতে ঠিকমতো ঘুমায় না, ফলে তিনি সব সময় ক্লান্ত থাকেন এবং শরীরে খুব ব্যথা অনুভব করেন। তিনি বাড়তি কাজ করার জন্য ডাক্তারের কাছে গিয়ে ব্যথানাশক ঔষধ নেওয়ার চেষ্টা করছেন।