সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর থেকে মানিকগঞ্জের পাটুরিয়া পর্যন্ত যমুনা নদীর বিভিন্ন অংশে নাব্যতা–সংকট প্রকট হয়েছে। এর মধ্যে পাবনার বেড়া উপজেলার পেঁচাকোলা পয়েন্টে হঠাৎ করেই নদীর গভীরতা এত কমে গেছে যে জাহাজ তো দূরের কথা বলগেটসহ পণ্যবোঝাই ছোট নৌযানগুলোও সেখান দিয়ে যেতে পারছে না। ফলে শুধু এই স্থানেই অন্তত ২৫টি জাহাজ ডুবোচরে আটকে আছে। এ ছাড়া পণ্যবোঝাই আরও অন্তত ২০টি ছোট নৌযানও ওই স্থানে আটকা পড়ে আছে।
কয়েক দিন ধরে জাহাজ ও ছোট নৌযান বাঘাবাড়ী নৌবন্দরে ঠিকমতো ভিড়তে না পারায় স্থবির হয়ে পড়েছে নৌবন্দরটি। এভাবে চলতে থাকলে উত্তরাঞ্চলজুড়ে তেল ও সারের মারাত্মক সংকট দেখা দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বিআইডব্লিউটিএ ও চলাচলকারী জাহাজের মাস্টার-সুকানিদের সূত্রে জানা যায়, পাটুরিয়া থেকে বাঘাবাড়ি নৌবন্দর পর্যন্ত যমুনার অনেক স্থানই কয়েক বছর ধরে নাব্যতা–সংকট ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য ১০ ফুট গভীরতার প্রয়োজন হলেও শুষ্ক মৌসুমে এই নৌ রুটের বিভিন্ন অংশে পানির গভীরতা সাত থেকে আট ফুট বা এরও কমে এসে দাঁড়ায়।






