মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০% শুল্কের ফলে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানিতে তীব্র ধস নেমেছে। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের তথ্য অনুযায়ী, এই উচ্চ শুল্কের সবচেয়ে বড় প্রভাব পড়েছে শ্রম-নির্ভর খাতগুলিতে — বিশেষ করে টেক্সটাইল, রত্ন ও অলংকার, প্রকৌশল পণ্য এবং রাসায়নিক দ্রব্যের উপর।এতে বলা বলা হয়, পরিসংখ্যান বলছে, টানা চার মাস ধরে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি কমছে। মে মাসে যেখানে রপ্তানির পরিমাণ ছিল ৮.৮ বিলিয়ন ডলার, সেপ্টেম্বরে তা নেমে এসেছে ৫.৫ বিলিয়ন ডলারে — যা প্রায় ৩৭.৫% হ্রাস নির্দেশ করে। এই রপ্তানি পতন ভারতের সামগ্রিক বাণিজ্য ঘাটতিতেও প্রভাব ফেলেছে, যা সেপ্টেম্বরে ১৩ মাসের সর্বোচ্চ ৩২.১৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।এদিকে, কয়েক মাসের স্থবিরতার পর ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনা সম্প্রতি পুনরায় শুরু হয়েছে। বর্তমানে একটি ভারতীয় প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে অবস্থান করছে আলোচনার জন্য।
বুধবার ট্রাম্প জানান, ইউক্রেন যুদ্ধ বন্ধে ক্রেমলিনের উপর অর্থনৈতিক চাপ বাড়ানোর উদ্দেশ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার তেল আমদানি বন্ধ করতে সম্মত হয়েছেন। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা “চলমান” এবং ওয়াশিংটন “ভারতের সঙ্গে জ্বালানি সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী”।






