মেসি-বেলদের বাড়িতে রেখেই টুর্নামেন্ট খেলছে বার্সা-রিয়াল

লিওনেল মেসি বাড়িতে। স্ত্রী-সন্তানদের সঙ্গে সময় কাটাচ্ছেন। অনলাইনে ফুটবলাররা কী এক ‘টয়লেট পেপার’ কারিকুরিতে জড়িয়ে পড়েছেন, সেই চ্যালেঞ্জেও নাম লিখিয়ে দিব্যি ভিডিও দিয়েছেন টুইটারে। করোনাভাইরাসে লিগ-টিগ সব বন্ধ, কোয়ারেন্টিনে গৃহবন্দী বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ডের এ-ই হলো দিনযাপনের খণ্ডচিত্র।

গ্যারেথ বেল পড়ে আছেন গলফ নিয়ে। অবশ্য এ আর এমন আশ্চর্য কী! তা-ই তো হওয়ার কথা। বেল আর গলফের সম্পর্ক তো যেন কোনো আঠায় লাগানো মজবুত জোড়া! কোয়ারেন্টিনের দিনগুলোতে কী করছেন, তা অন্য সবার মতো সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট-টোস্ট করে অবশ্য জানাচ্ছেন না রিয়াল মাদ্রিদের ওয়েলশ ফরোয়ার্ড। তবে দুদিন আগে খবর এল, নিজ শহর কার্ডিফে গলফের আবহে একটি বার বানিয়েছেন বেল।