চিলির বিপক্ষে আগের ম্যাচে ফ্রি-কিক থেকে দারুণ এক গোল করেছিলেন লিওনেল মেসি। কিন্তু আর্জেন্টিনা ১-১ গোলে ড্র করায় সেই গোলের প্রাপ্য মর্যাদাটা তাঁর পাওয়া হয়নি। আজ উরুগুয়ের বিপক্ষে মেসিকে নিরাশ হতে হয়নি। এবার গোল না পেলেও গোলের পথ দেখিয়ে জিতিয়েছেন আর্জেন্টিনাকে।
১৩ মিনিটে বাঁ প্রান্ত থেকে মেসির নিখুঁত ক্রস গিয়ে পড়ে মিডফিল্ডার গিদো রদ্রিগেজের মাথায়। ক্রসটি এতই নিখুঁত ছিল যে রিয়াল বেতিসের এ রক্ষণাত্মক মিডফিল্ডারের হেডে করা গোলের চেয়ে মেসির মাপা ক্রসটি-ই লোকে বেশি মনে রাখবে।