মেসিরা বেতন না কমালে দেউলিয়া হবে বার্সেলোনা

করোনাভাইরাসের কারণে বেশ বড় ধরনের আর্থিক ক্ষতির শিকার হয়েছে বার্সেলোনা। সাবেক ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের বেতন স্থগিতের একটা প্রস্তাব করেছিলেন। কিন্তু তার আগেই করোনার কারণে ৭০ শতাংশ বেতন কম নেওয়া মেসিসহ অন্যান্য খেলোয়াড়েরা সে প্রস্তাবে সাড়া দেননি।

লিওনেল মেসিসহ বার্সেলোনার বেশ কিছু শীর্ষস্থানীয় খেলোয়াড় বলতে গেলে বেতন নিয়ে এক রকম দ্বন্দ্বেই জড়িয়ে পড়েছিলেন। এমন অবস্থায় বিদায় নিয়েছেন বার্তোমেউ। কিন্তু বেতন কমানো নিয়ে মেসিদের সঙ্গে ক্লাবের কথাবার্তা চলছেই। অবস্থা এমন দাঁড়িয়েছে, মেসিরা যদি বেতন না কমান, তাহলে বিরাট ঝামেলায় পড়বে বার্সা। কাতালান সংবাদমাধ্যম আরএসিওয়ানের তথ্য অনুযায়ী, মেসিরা বেতন না কমাতে চাইলে জানুয়ারিতে দেউলিয়া হয়ে যেতে পারে ক্লাবটি।