মুমিনুল পাচ্ছে সম্পূর্ণ শক্তির বাংলাদেশ দলকে

অপ্রত্যাশিতভাবেই বাংলাদেশের টেস্ট দলের অধিনায়কত্ব পেয়েছিলেন মুমিনুল হক। ২০১৯ সালে ভারত সফরের আগে সাকিব আল হাসান হলেন নিষিদ্ধ। দুদিন পর জানা গেল তামিম ইকবালও ভারত যাচ্ছেন না। হাতে সময় নেই। অধিনায়কত্বের ভার তুলে দেওয়া হলো তাঁর হাতেই।

ভারত সফরে ইন্দোর আর কলকাতায় দুটি টেস্টে করলেন অধিনায়কত্ব। দুটিতেই হলো ভরাডুবি। এরপর ২০২০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট। সেখানেও ইনিংস হার। মুমিনুলের অধিনায়কত্বে বাংলাদেশ যে চারটি টেস্ট খেলেছে, তিনটিতেই হেরেছে ইনিংস ব্যবধানে। গত মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে অবশ্য জয় পেয়েছেন মুমিনুল।করোনার কারণে এরপর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরেই ছিল বাংলাদেশ। প্রায় এক বছর পর বাংলাদেশ যখন আবার ক্রিকেটে ফিরছে, তখন মুমিনুল পাচ্ছে সম্পূর্ণ শক্তির বাংলাদেশ দলকে। যেটি তিনি তাঁর অধিনায়কত্বের শুরুতে পাননি। তামিম ও মুশফিকের সঙ্গে সাকিবের অভিজ্ঞতা মুমিনুলের অধিনায়কত্বে নতুন মাত্রা যোগ করবে নিশ্চয়ই। ৩ ফেব্রুয়ারির চট্টগ্রাম টেস্টের আগে আজ অনলাইন সংবাদ সম্মেলনে সে কথাই বললেন টেস্ট অধিনায়ক, ‘আমার কাছে মনে হয়, তরুণ অধিনায়ক হিসেবে সাকিব ভাই বা বড় যারা আছে, তাদের থাকাটা ভালো আমার জন্য। সেই হিসাবে আমি মনে করি, আমার জন্য অনেক বেশি সুবিধা হবে (ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রতিযোগিতা করতে)।’