মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে অভিনয়শিল্পী শাহনাজ খুশির গাড়ি

গাড়ি দুর্ঘটনার কথা বলতে গিয়েও কাঁদছিলেন। স্বাভাবিকভাবে কথাও বলতে পারছিলেন না। ঈদুল আজহায় সাগর জাহানের একটি ধারাবাহিক নাটকের শুটিং করতে পুবাইল যাচ্ছিলেন শাহনাজ খুশি। এই নাটকের মধ্য দিয়ে চার মাস পর অভিনয়ে ফেরেন তিনি। ‘নসু ভিলেন’ সিরিজের এই ধারাবাহিকে আরও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, আরফান আহমেদ, অপর্ণা ঘোষ ও তানজিকা আমিন। বৃহস্পতিবার এই ধারাবাহিকের শুটিং শুরু হয়। দ্বিতীয় দিন শুটিংয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন শাহনাজ খুশি।

দুর্ঘটনার সময়ের কথা উল্লেখ করে শাহনাজ খুশি বললেন, ‘’উল্টো দিক থেকে কার্গো আসতে দেখে আমার ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়। আমার গাড়ির পেছনে একটি ট্রাক ছিল। পুবাইল যাওয়ার পথে মাজুখান বাজারে আমার গাড়িতে ধাক্কা দেয়। যেভাবে আমার গাড়িকে ধাক্কা দিয়েছে, পেছনে ট্রাক না থাকলে তো ওপর দিয়েই চলে যেত মনে হয়।’

শাহনাজ খুশি আরও বললেন, ‘কার্গোর ধাক্কায় ড্রাইভার বাম সাইডের সিটে সিটকে পড়েছে। আমি তো পেছনে ছিলাম। তিন সিটের একটা সিট স্কুইজ করে ভেতরে ঢুকে গেছে। একা না থাকলে হয়তো বড় ধরনের দুর্ঘটনা ঘটত। একেবারেই অলৌকিক কিছু না হলে আমার বাঁচার কথা নয়! আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি বেঁচে আছি, ভালো আছি!’