নির্বাচনে ভোট দিতে যেতে যদি আলসেমি লাগে তো জানিয়ে রাখি, পৃথিবীর ২০০ মাইল ওপর থেকে ভোট দিয়েছেন মার্কিন নভোচারী কেট রুবিনস।
যুক্তরাষ্ট্রে নির্বাচনের মৌসুম চলছে। পরবর্তী চার বছরের জন্য হোয়াইট হাউসের দখল কে নেবেন, সে ফয়সালা হবে ৩ নভেম্বর। ভোটারদের মধ্যে নিশ্চয় উত্তেজনা কাজ করছে। তবে রুবিনস তাতে শামিল হতে পারেননি, কারণ মার্কিন ভোটারদের মধ্যে কেবল তিনিই এখন পৃথিবীর বাইরে।
রুবিনস জানিয়েছেন, গত সপ্তাহেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে ভোট দিয়েছেন তিনি।
এর আগেও মহাকাশ থেকে ভোট দিয়েছেন রুবিনস। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময়েও তিনি আইএসএসে ছিলেন।
দুই রুশ নভোচারীর সঙ্গে এ মাসেই নতুন অভিযান শুরু করেন রুবিনস। এক্সপেডিশন ৬৪-এর অংশ হিসেবে মহাকাশে এবার তিনি মোট ছয় মাস থাকবেন বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে।






