‘মনের রোগের জন্য আবার ওষুধ লাগে নাকি, কাউন্সেলিং করলেই চলবে!’ অথবা ‘মানসিক রোগের চিকিৎসায় কাউন্সেলিং কোনো কাজের না, ওষুধ তো চলছেই!’, কিংবা ‘মানসিক রোগের ওষুধ ভীষণ কড়া আর ভয়ংকর, অনেক সাইড অ্যাফেক্ট’ কিংবা ‘মানসিক রোগের ওষুধ মাত্রই ঘুমের ওষুধ’। এ রকম ধারণা বেশির ভাগ মনোরোগীর স্বজনদের।
নিজের বা স্বজনের মনের সমস্যার জন্য চিকিৎসা নিচ্ছেন, কিন্তু এ ধরনের মন্তব্য আর স্বপ্রণোদিত উপদেশ শোনেননি এমন মানুষ বিরল। একদিকে মানসিক স্বাস্থ্য আর রোগ নিয়েই রয়েছে নানা কুসংস্কার, তার ওপর এর চিকিৎসা নিয়েও বিভ্রান্তির শেষ নেই। বিভ্রান্তির এক প্রান্তে রয়েছে অপচিকিৎসা—পানিপড়া, তেলপড়া, কবচ, জাদুটোনা, ওঝার ঝাড়ফুঁক ইত্যাদি। আরেক প্রান্তে রয়েছে মূলধারার চিকিৎসা নিয়ে অপপ্রচার। কখনো কখনো উচ্চশিক্ষিত, স্বল্পশিক্ষিত, ধনী, গরিব, শহর, গ্রাম, নানা পেশার মানুষের মধ্যে মানসিক রোগের চিকিৎসা নিয়ে যে বিভ্রান্তি দেখা যায়, তা প্রকারান্তরে মানসিক রোগীর জন্য ক্ষতির কারণ হয়ে যায়। আর ক্ষতিটি বড় হয়ে যায় যখন রোগীরা কোনো আস্থাভাজন ব্যক্তির কাছ থেকেই এমনটা শুনে থাকেন।
এটাও কিন্তু রোগ
মনে রাখতে হবে, মানসিক রোগও কিন্তু ‘রোগ’। অন্যান্য রোগের মতোই এ রোগে মানুষের দেহে আর মনে পরিবর্তন ঘটে। আমাদের যেমন শরীর আছে, তেমনি মনও আছে। মনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মানসিক প্রক্রিয়া বা মেন্টাল প্রসেস। চিন্তাশক্তি, অনুভব করা, স্মরণ রাখা, আবেগকে পরিচালিত করা—সবকিছুই কিন্তু মানসিক প্রক্রিয়া। আর এই মানসিক প্রক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কিছু রাসায়নিক পদার্থ—যাকে বলা হয় নিউরোট্রান্সমিটার। সেই সঙ্গে মস্তিষ্কের বিভিন্ন অংশের নির্বাহী কাজ মিলেই আমাদের এসব মানসিক প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয়।
মানসিক প্রক্রিয়াগুলোই আমাদের সব আচরণ নিয়ন্ত্রণ করে। কারও মানসিক রোগ হলে তাঁর নিউরোট্রান্সমিটারের ঘাটতি বা বাড়তিজনিত মানসিক প্রক্রিয়া, আবেগ আর আচরণের পরিবর্তন দেখা দেয়। এই জায়গাতেই ওষুধের কাজ। ওষুধ বেশির ভাগ ক্ষেত্রেই নিউরোট্রান্সমিটারের ভারসাম্য রক্ষা করে মানসিক রোগকে নিরাময় বা নিয়ন্ত্রণ করে থাকে। মানসিক রোগ হওয়ার সঙ্গেনিউরোট্রান্সমিটারের ঘাটতি কিংবা বাড়তির পাশাপাশি সামাজিক ও বিকাশজনিত উপাদানও গুরুত্বপূর্ণ। সে কারণে মানসিক রোগের চিকিৎসায় সাইকোথেরাপি বা কাউন্সেলিংয়ের গুরুত্বও কম নয়। ওষুধ যেমন একজন মানসিক রোগীর মস্তিষ্কের রাসায়নিক পদার্থের ভারসাম্য ফিরিয়ে আনে, তেমনি সাইকোথেরাপি বা কাউন্সেলিং তাঁর মনকে সুসংহত করার মাধ্যমে যৌক্তিক বিশ্বাস আর আচরণে উৎসাহিত করে।






