বিনোদ বেণি বাঁধার দিন শেষ হয়ে যায়নি। তেমনি খোঁপায় তারার ফুল দেওয়ারও। এখন আর সখীরা যে বেঁধে দেয় না বিনোদ বেণি। বরং রয়েছে কেশসজ্জার জন্য বিশেষজ্ঞ। কেশ সাজিয়ে তাতে অলংকার বসিয়ে দিচ্ছেন তাঁরা। বাতলে দিচ্ছেন কোনটি চলছে এখন, আর কোনটি নয়। এমনকি কেশসজ্জার সঙ্গে মানানসই করে হবে পোশাক, নাকি পোশাকের সঙ্গে মানিয়ে কেশসজ্জা, সে নিদানও দিচ্ছেন তাঁরা।
পুরোনো সজ্জারীতিকে ভেঙেচুরে নতুন রূপ দেওয়ার পাশাপাশি নতুন সজ্জাও উদ্ভাবন করছেন েকশসজ্জাকার। এমনকি পশ্চিম আর পুব যেমন নিজেদের মতো করে চলছে সমান্তরালে, তেমনি উভয়ে মিলেও যাচ্ছে সৃজনের প্রয়োজনে। প্রতি বছর দুবার চার ফ্যাশন রাজধানীর (নিউইয়র্ক, লন্ডন, প্যারিস, মিলান) ফ্যাশন উইকে মেলে নতুন চলতি ধারা (ট্রেন্ড)। সেসব আবার অনুসৃত হয় বিশ্বজুড়ে। এ বছর চুলের বেশ কিছু নতুন চলতি ধারা অনুসৃত হচ্ছে। এ রকম কয়েকটি নিয়ে আলোচনা করা যেতে পারে। এগুলোর মধ্যে রয়েছে বেণি ট্রান্ড্রিলস। বেণি করা হবে বটে, তবে অলকচূর্ণ ঠিকই কপোলে কাতুকুতু দেবে, অর্থাৎ লতাগাছের আকর্ষকের মতো মুখের দুপাশে অবাধ্য হয়ে থাকবে।
এবার আরও একটা ধারার ট্রেন্ড বেশ চলছে। ফেস ফ্রেমিং লেয়ারের সঙ্গে মেসি বান। মুখের আদলের সঙ্গে সাযুজ্য রেখে চুলকে সেভাবে সেট করা। পেছনে চুল নিয়ে অনেকটা হাতখোঁপার মতো করে অবিন্যস্ত করা খোঁপা। এর সঙ্গে সাটিনের হেয়ার ব্যান্ড আর পাথর বসানো হেয়ারক্লিপ হবে সোনায় সোহাগা।
এরপর ধরা যাক, টপনট। চূড়া করে বাঁধা। এটা সব সময়ই ছিল। এবার ইন ট্রেন্ড। তবে বাঁধার ধরনে এসেছে নতুনত্ব। এ বছর অবশ্য আশি আর নব্বই দশক বেশ প্রাধান্য পাচ্ছে। পাশ সিঁথি করে দুই কানের পাশে হেয়ারপিন লাগিয়ে স্টাইল করা হচ্ছে। ব্লান্ট আর লেয়ারড ববও এবারের চাহিদাপত্রে রয়েছে। আছে নব্বইয়ের ‘দ্য ফ্রেন্ডস’ প্রাণিত র্যাচেল হেয়ারস্টাইল। ভারী লেয়ারের সঙ্গে ফ্রিঞ্চের যৎসামান্য স্টাইলিং। এ বছর আরও আছে নানা ধরনের ব্যাংস।
তবে ভারতীয় উপমহাদেশের বিষয়টি একটু আলাদা। বলিউড ছায়াছবির কারণে অনেক কিছুই আসে সেখান থেকে। এ ছাড়া উপমহাদেশের দেশগুলোর কিছু বিষয়ে মিল রয়েছে। এখানকার আবহাওয়া, সংস্কৃতি, পোশাক, কেশ আর ত্বকের রঙের কারণে। ফলে এই অঞ্চলের কেশসজ্জায়ও তাই মিল পাওয়া অনেকাংশে।
এই যেমন শ্রীলঙ্কার শীর্ষ সারির কেশবিশেষজ্ঞ নয়না নকশার জন্য যে চারটি কেশসজ্জা করে দিয়েছেন, তার প্রতিটিই পশ্চিমপ্রাণিত। এসব স্টাইলে ঐতিহ্যের সঙ্গে যেমন আধুনিকতার সংমিশ্রণ ঘটেছে, তেমনি পশ্চিমকে পুবের আবহে খাপ খাইয়ে নিজের মতো স্টাইলে দাঁড় করিয়েছেন তিনি। এসব স্টাইল গাউন বা সান্ধ্যকালীন পোশাকের সঙ্গে যায়। পাশাপাশি অনায়াসে মানিয়ে যাবে শাড়ি বা লেহেঙ্গার সঙ্গেও। কেশসজ্জায় ফ্রেঞ্চ টুইস্টের আধুনিক উপস্থাপনা যেমন আছে, তেমনি রয়েছে নব্বই দশকের ব্রেইডেড বান বা বেণি করে খোঁপা করা। ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ রূপকথার রাজকুমারী বেলের বলরুম হেয়ারস্টাইলের মতো চুড়ো করে বাঁধা খোঁপা করে সামনের চুল ছেড়ে দিয়েছেন ঢেউখেলানো জলপ্রপাতের মতো। কিংবা বিভাইভ স্টাইল তিনি তাঁর মতো করেই সাজিয়েছেন। মানিয়ে যাবে যেকোনো পরিবেশ, সংস্কৃতি আর উপলক্ষে।






