ভারতের বাজে ক্রিকেট পিস

আর ২৪ ঘণ্টাও বাকি নেই চতুর্থ টেস্ট শুরু হওয়ার। কত সমীকরণ জড়িয়ে আছে আহমেদাবাদে হতে যাওয়া সে টেস্টে। ভারত জিতলে জুনে হতে যাওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তারা খেলবে। আর ইংল্যান্ড জিতলে ভারত নয়, নিউজিল্যান্ডের সঙ্গে সে ফাইনালে খেলবে অস্ট্রেলিয়া।

কিন্তু ওসব সমীকরণ কিংবা চতুর্থ টেস্টে কী হতে পারে সেটির বিশ্লেষণ নয়, ক্রিকেট দুনিয়া এখনো যেন পড়ে আছে আহমেদাবাদেই হয়ে যাওয়া ভারত-ইংল্যান্ডের তৃতীয় টেস্ট নিয়ে। আরও নির্দিষ্ট করে বললে টেস্টটার উইকেট নিয়ে।

দুই দিনের মধ্যে শেষ হয়েছে সেই টেস্ট, গত ৫৪ বছরে টেস্ট ক্রিকেটে যা আর দেখা যায়নি। ১০ উইকেটে টেস্টটা জিতে চার টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। কিন্তু যেরকম স্পিনসহায়ক উইকেট বানিয়ে ভারত ইংল্যান্ডকে বশ করেছে, সেটি নিয়ে আলোচনা-সমালোচনা কম হচ্ছে না। এবার সে আলোচনায় যোগ দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। ভারতকে রীতিমতো ধুয়ে দিয়েছেন ‘ইনজি।’ উইকেটের অবস্থা বোঝাতে টেস্টের তৃতীয় ইনিংসে ইংল্যান্ডের ব্যাটসম্যান জো রুটের অবিশ্বাস্য বোলিং কীর্তি টেনে এনে বললেন, রুট যদি এই উইকেটে ৫ উইকেট পান, তাহলে এই উইকেটে ভারতের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আর অক্ষর প্যাটেলের প্রশংসা করার কি আছে?

বড় খবরের শিরোনাম হয়েই শুরু হয়েছিল আহমেদাবাদের ভারত-ইংল্যান্ডের তৃতীয় টেস্টটা। মোতেরা স্টেডিয়ামকে ভেঙে আবার নতুন করে গড়েছে ভারতের সরকার, দর্শক ধারণক্ষমতায় যেটি এখন ক্রিকেটে সবচেয়ে বড় স্টেডিয়াম। টেস্ট শুরুর আগে স্টেডিয়ামটার নাম মোতেরা থেকে বদলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামেও করা হয়েছে। কিন্তু এত আয়োজনের পর স্টেডিয়ামটাতে পাঁচ দিনের টেস্ট শেষ হয়ে গেল মাত্র দুদিনে! পিচ নিয়ে আলোচনা তো হবেই।

মাইকেল ভন, ডেভিড লয়েডদের ইংল্যান্ডের সাবেকরা ভারতের এমন পিচ বানানো নিয়ে সমালোচনায় মুখর। আবার ভারতের সাবেক-বর্তমান ক্রিকেটাররা যুক্তি দেখাচ্ছেন, বিদেশে গেলে ভারতকে যখন পেস-সহায়ক পিচে খেলতে হয়, তখন এত আলোচনা কেন হয় না? ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডস আবার ভারতের এমন উইকেট বানানোয় কোনো সমস্যা দেখেন না।

আলোচক-সমালোচকের সারিতে নিজের নামটিও লিখিয়ে নিলেন ইনজামাম। নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের সাবেক অধিনায়ক কিছু প্রশ্ন রেখেছেন, ‘কেউ ভাবতে পারেনি (দুই দিনে টেস্ট শেষ হবে)। আমিও মনে করতে পারি না শেষ কবে একটা টেস্ট ম্যাচ দুই দিনে শেষ হয়ে গেছে! এখানে ভারত খুব ভালো খেলেছে নাকি উইকেটের আচরণের কারণে এমনটা হয়েছে? এমন উইকেট কি টেস্টে রাখা উচিত?’ অস্ট্রেলিয়া সফরে ভারত দারুণ ক্রিকেট খেলেছে জানিয়ে পরে প্রশ্নগুলোর উত্তর ইনজামাম নিজেই দিয়েছেন, ‘ভারত দারুণ ক্রিকেটই তো খেলছিল। অস্ট্রেলিয়াকে হারিয়েছে, (প্রথম টেস্টে হারের পর) দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু এ রকম একটা উইকেট বানানো? আমার মনে হয় না ক্রিকেটে এমন কিছু করা ঠিক হচ্ছে।’