ব্যাংকের সব পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও তার নিম্নতর দুই পদের কর্মকর্তাদের আয় ও সম্পদের তথ্য নিজ নিজ ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে জমা দিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এমনকি তাঁরা যদি পারিবারিক সূত্রে কোনো সম্পদ বা ব্যবসায়ের অংশীদার হন, সে তথ্যও দিতে হবে।
সাম্প্রতিক সময়ে একাধিক ব্যাংক পরিচালক ও ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের অনিয়ম-দুর্নীতির তথ্য বেরিয়ে আসায় বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো এ বিষয়ে নির্দেশনা দিল। যদিও ব্যাংক কোম্পানি আইনে দীর্ঘদিন ধরেই এসব তথ্য দেওয়ার বাধ্যবাধকতা ছিল। ব্যাংকগুলোকে পরিচালনা পর্ষদের সব ধরনের নথি বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হয়। এর মাধ্যমেই বিষয়টি তদারকি করা হয়।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনটি সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।






