বোলিং কোচ চামিন্ডা ভাসকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে শ্রীলঙ্কা। দায়িত্ব গ্রহণের তিন দিনের মাথায় গতকাল সোমবার পদত্যাগ করে বসেছেন ভাস। কী কারণে তিনি পদত্যাগ করেছেন, সেটি অবশ্য পরিষ্কার নয়। ধারণা করা হচ্ছে, বেতন নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে মতে না মেলাতেই তিনি পদত্যাগ করেছেন। যদিও শ্রীলঙ্কার সাবেক এই ফাস্ট বোলার নিজের পদত্যাগ নিয়ে করা টুইটে কিছুই খোলাসা করেননি। তবে তাতে বোর্ডের সঙ্গে মতদ্বৈধতারই ইঙ্গিত মিলেছে, ‘আমি বোর্ডকে খুব বিনয়ের সঙ্গেই একটা অনুরোধ করেছিলাম। কিন্তু তারা সেই অনুরোধ রাখেনি। আমি এখন একটুকুই বলব। সত্যের জয় হবে।’
খুব সম্ভবত ভাস লঙ্কান বোর্ডকে বেতন বাড়ানোর কথা বলেছিলেন। কিন্তু বোর্ড তাতে রাজি হয়নি বলেই পদত্যাগ করেছেন সাবেক এই বাঁহাতি ফাস্ট বোলার। শ্রীলঙ্কা ক্রিকেট সে কথাই বলছে। তারা ক্যারিবীয় সফরের আগমুহূর্তে ভাসের এমন আচরণ কিছুতেই মেনে নিতে পারছে না। বোর্ড জানিয়েছে, ব্যক্তিগত আর্থিক লাভের বিষয়টি বড় করে দেখেই দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের ঠিক আগমুহূর্তে পদত্যাগ করলেন তিনি।






