নিজের জ্বালানো আগুনে যেন নিজেই পানি ঢেলে দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। রাগ-ক্ষোভ সব এক রাতে উধাও। পরশু মিরপুর টেস্টে বাংলাদেশ দলের হারের পর রীতিমতো ক্ষোভে ফুঁসছিলেন তিনি। খেলোয়াড়, অধিনায়ক, কোচ থেকে শুরু করে কাঠগড়ায় দাঁড় করান নির্বাচকদেরও। গতকাল সেই বিসিবি সভাপতিই বললেন, ওসব ছিল তাঁর রাগের কথা।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কাল দুপুরে করোনার টিকা নিয়েছেন নাজমুল হাসান। টিকা নেওয়ার পর সেখানেই সাংবাদিকদের বলেন, ‘হেরে গেলে মেজাজ খারাপ হয়। আপনাদেরও খারাপ লাগে, আমারও খারাপ লাগে। কালকে (পরশু) ছিল রাগের কথা।’
দল ভালো না খেললে দেশের ক্রিকেটের অভিভাবক হিসেবে বিসিবি সভাপতির খারাপ লাগাটা অস্বাভাবিক নয়। দলের কাছে জবাবদিহি চাইতেই পারেন নাজমুল হাসান। কিন্তু যে প্রশ্নগুলো পরশু ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সামনে তিনি তুলে ধরলেন, সেসবের জবাব তো তাঁরই জানার কথা সবচেয়ে ভালো!
চট্টগ্রাম টেস্টের পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টেও বড় প্রশ্ন হয়ে দেখা দেয়, ১৮ জনের দলে পাঁচ পেসার রেখেও ম্যাচে মাত্র এক পেসার খেলানোটা। কিন্তু এটা তো সবারই জানা যে উইকেটের ধরন সম্পর্কে অলিখিত বার্তা পেয়েই একাদশ ঠিক করে টিম ম্যানেজমেন্ট। সাজানো হয় বোলিং আক্রমণ। এবারও তার ব্যতিক্রম হয়নি বলেই জানিয়েছে দলীয় সূত্র। তারপরও বোর্ড সভাপতির ক্ষোভের আগুনে পুড়ে অসহায় বোধ করছেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। বিসিবির এক শীর্ষ কর্মকর্তার সঙ্গে নিজের দুঃখ ভাগ করেছেন তিনি। যার সারমর্ম, কী হচ্ছে না হচ্ছে, তার সবই সবাই জানত। তারপরও কেন শুধু তাঁর আর দলের ওপরই দোষ দেওয়া? তাঁদেরই বলির পাঁঠা বানানো!






