বিশ্বনেতাদের স্বরূপ চেনাচ্ছে করোনা

রূপকথার রাজ্যের রাজপুত্র ও কোটালপুত্রের কথা কে না জানে। সংকটকালে যখন রাজপুত্র ম্রিয়মাণ হয়ে পড়ত, তখন দৃশ্যে হাজির হতো কোটালপুত্র। মেধাবলে নেতৃত্বগুণে সমাধান হাজির করত সে। এরপর তো সেই সুখে-শান্তিতে বসবাসের অতি কাঙ্ক্ষিত সমাপন। বর্তমান এই ক্রান্তিকালেও মানুষ সেই স্বস্তির সমাপ্তির অপেক্ষায় আছে। সংকটের সমাধানে রাজপুত্রের মতো অজস্র নেতার দেখা মিলছে দেশে দেশে। কিন্তু দেখা দিচ্ছে না সেই কাঙ্ক্ষিত কোটালপুত্রই। অবশ্য ব্যবস্থা আগেই তার আগমনের এবং বৃহৎ পরিসরে ভূমিকা রাখার পথটি রুদ্ধ করে রেখেছে। সে অন্য কথা।

কথা হলো, এ তো গণতান্ত্রিক ও উদারবাদী বিশ্বকাঠামো; তবে রাজপুত্র আসছে কী করে? আসছে, আসছে। আসছে কারণ, এই বিশ্বে এই সময়ে ক্ষমতায় বসে আছেন ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন, সি চিন পিং, রদ্রিগো দুতার্তে, জায়ের বোলসোনারো, নরেন্দ্র মোদিসহ এমন বহু নেতা, যাঁদের আচরণ গল্পের সেই সংকটে ম্রিয়মাণ কিন্তু আত্মম্ভরিতায় সর্বদা জ্বলজ্বলে রাজপুত্রদের কথাই মনে করিয়ে দেয়। না, ভুল ভাবার কোনো সুযোগ নেই। এঁদের কাউকে সোজাসাপ্টা রাজা বা রাজপুত্র বা এমনকিছু বললে অবশ্য বিপদ ঘটতে পারে। কারণ, তাঁরা মসনদটিতে বসেছেন রীতিমতো ভোটাভুটির মাধ্যমেই। যদিও দুর্মুখেরা অনেক কিছু বলতে পারে।

সে যা-ই হোক, মোদ্দা কথায় আসা যাক। করোনাভাইরাসের এই সময় অনেক দিক থেকেই গুরুত্বপূর্ণ। প্রথমত, এটি নিরাপত্তা ও সুরক্ষার মতো শব্দগুলোকে নতুন করে চিনতে শেখাচ্ছে মানুষকে। নিরাপত্তা ক্যামেরা এবং অস্ত্র ও শস্ত্রে সুসজ্জিত থাকা মানেই যে নিরাপদ থাকা নয়, তা বুঝতে শেখাচ্ছে মানুষকে। দ্বিতীয়ত, এটি বিদ্যমান অর্থনীতির গলদটি একেবারে খোলাসা করে দেখিয়ে দিচ্ছে, যেখানে প্রকৃতি থাকে তাবৎ বিবেচনার বাইরে। তৃতীয়ত, সামাজিক নিরাপত্তার নামে দেশে দেশে বিদ্যমান কাঠামোর ভেতরে থাকা ভাঁওতাটি প্রকাশ করে দিচ্ছে। চতুর্থত, সমাজে বিদ্যমান বৈষম্য এবং মহামারিকালে এই বৈষম্যের বাড়বাড়ন্ত এক বড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে সবাইকে। এই প্রশ্নচিহ্নটিকে অবশ্য শুধু অনুদানের অর্থনীতি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পঞ্চমত, মানুষে মানুষে বিচ্ছিন্নতার চূড়ান্ত রূপটি প্রকাশ পাচ্ছে রোগের বিস্তারের মধ্য দিয়েই। এমন অজস্র দিকের কথা তুলে ধরা যাবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি সম্ভবত হলো এই করোনাকালই বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় নামের নেতাদের স্বরূপটি প্রকাশ করে দিচ্ছে।