শিশুদের নার্সারিতে দেয়ার খরচ লন্ডনে অনেক বেশী। রাজধানী এই নগরীতে এমনও অনেক নার্সারি আছে যেখানে শিশুদের জন্য জায়গা পেতে দীর্ঘ অপেক্ষমাণ তালিকায় থাকতে হয়। অথচ লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত এলাকা টাওয়ার হ্যামলেটসে একটি নার্সারি বন্ধ হয়ে যাচ্ছে। ওয়েসটফিলড নার্সারি বন্ধ না করার পক্ষে ক্যাম্পেইন করছেন কিছু অভিভাবক। তিন সপ্তাহ আগে জানানো হয়, অগাস্ট মাসে এই নার্সারি বন্ধ হয়ে যাবে। এই খবরে বিস্মিত নার্সারির কর্মী এবং অভিভাবকেরা।
ওয়েসটফিলড নার্সারি পরিচালনা করে থাকে কুইনমেরি ইউনিভারসিটি। তাঁরা জানিয়েছে, করোনা মহামারীর পর থেকে আর্থিক লোকসান দিয়ে এই নার্সারি চালানো হচ্ছিল। কেননা, কর্মজীবী মানুষের কাজের ধরন পরিবর্তন হয়ে গেছে এবং ধারণক্ষমতার চেয়ে এই নার্সারিতে কম শিশু আসছিল।
আর্থিক সংকটে চলা লন্ডনের অনেক নার্সারির মতোই চলছিল এই নার্সারি। নিউহামের স্পারকল ডে নার্সারিতে দুই বছরের শিশুরাই বেশী আসছে। কেননা এপ্রিল মাস থেকে দুই বছরের শিশুদের জন্য সপ্তাহে ১৫ ঘণ্টা বিনা মূল্যে চাইল্ডকেয়ার দিচ্ছে সরকার। স্পারকল ডে নার্সারিতে যেসকল মায়েরা আসেন, তাঁরা বলছেন বিনা মূল্যে এই ১৫ ঘণ্টা চাইলডকেয়ার পাওয়া তাদের অনেক উপকারে আসছে।
২০২৫ সালের সেপ্টেম্বর মাস নাগাদ ৯ মাসের বেশী বয়সের শিশুদের সপ্তাহে ৩৩ ঘণ্টা বিনা মূল্যে চাইলডকেয়ার দেয়ার পরিকল্পনা আছে বর্তমান সরকারের। সরকার আরও জানিয়েছে, প্রতিটি শিশুর পেছনে ব্যয় বরাদ্দ বাড়ানো হবে। কিন্তু তারপরও চিন্তিত এই নার্সারির প্রধান। তিনি বলছেন, বরাদ্দ বাড়ালেও ঘাটতি থেকে যাবে।
৪ জুলাই সাধারণ নির্বাচনে জয়লাভ করে যে দলই ক্ষমতায় আসুক, তাদেরকে নার্সারি পরিচালনায় এমন কিছু সৃজনশীল উপায় বের করতে হবে যা শিশু, শিশুদের অভিভাবক এবং নার্সারি পরিচালনারীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করবে।






