ঢাকাসহ চার মহানগর কমিটি ভেঙে দেওয়ার পর দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটিতেও বড় রদবদল করল বিএনপি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, একই প্রক্রিয়ায় দলের জাতীয় স্থায়ী কমিটিসহ আরও কিছু গুরুত্বপূর্ণ সাংগঠনিক স্তরে পরিবর্তন আসছে। তবে হঠাৎ এভাবে কমিটি ভাঙাগড়ায় নেতাদের অনেকে হতাশ।
দলের নেতা-কর্মীরা যখন ঈদুল আজহা উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন বিএনপিসহ দলের যুব ও ছাত্রসংগঠন ছাত্রদল এবং যুবদলে রদবদল করা হলো। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একক ক্ষমতাবলে এই রদবদল করেন। এ বিষয়ে কিছুদিন ধরে এ তৎপরতা আঁচ করা গেলেও নীতিনির্ধারণী নেতারা জানতেন না। এতে অনেকে বিরক্ত। তবে এ বিষয়ে তাঁরা কথা বলতে রাজি নন।দলটির নেতারা এই ওলট–পালটে কার্যত বিএনপির পরবর্তী কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠানের প্রাক্–প্রস্তুতির ইঙ্গিত হিসেবে দেখছেন। তাঁদের ধারণা, কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আরও রদবদলের পর দলের শীর্ষ নেতৃত্ব একটি ‘পরিকল্পিত’ সম্মেলন অনুষ্ঠানের দিকে যেতে পারেন। কারণ, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন রক্ষায় সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটি গঠনের ব্যাপারে নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা রয়েছে। সর্বশেষ বিএনপির জাতীয় সম্মেলন হয়েছিল আট বছর আগে ২০১৬ সালের মার্চ। যদিও দলের গঠনতন্ত্রে তিন বছর পরপর সম্মেলন করার বিধান রয়েছে। এখন সম্মেলন না করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে কমিটিতে এই রদবদল আনা হলো।






