কিকে সেতিয়েন কোচ থাকতে গত মৌসুমে সেল্তা ভিগোর মাঠে গিয়ে পয়েন্ট খুইয়েছিল বার্সেলোনা। সেটি তো সবারই জানা। তবে ম্যাচ শেষে ড্রেসিংরুমে কোচ সেতিয়েন ও অধিনায়ক লিওনেল মেসির কথা–কাটাকাটি হয়েছিল, স্প্যানিশ গণমাধ্যমের বরাতে জানা গেছে।
ম্যাচের পর সেতিয়েন বেশ কড়া সমালোচনা করেছিলেন খেলোয়াড়দের। জবাবে খেলোয়াড়দের সম্মান দিয়ে কথা বলতে বলেছিলেন মেসি।
একপর্যায়ে সেতিয়েন মেসির উদ্দেশে বলেছিলেন, ‘আমি যা বলছি, সেটা ভালো না লাগলে দরজা খোলা আছে।’ মেসির সঙ্গে তাঁর সম্পর্কটা যে ভালো ছিল না, সেটিও শিকার করেছেন বার্সেলোনার সাবেক কোচ সেতিয়েন।
সেতিয়েনের রেখে যাওয়া চেয়ারে কয়েক মাস আগে বসেছেন বার্সেলোনার সাবেক খেলোয়াড় রোনাল্ড কোমান। এসেই দেখলেন দল ছাড়তে চাচ্ছেন বার্সার প্রাণভোমরা মেসি। বড় ঝড়ের মুখেই পড়েছিলেন এই ডাচ কোচ।
সেই ঝড় সামলে উঠেছে বার্সেলোনা। মাঠে হারজিত যা–ই হোক না কেন, ড্রেসিংরুমে শান্তির কথাই শোনা যায়। মেসিকে বিশ্বের সেরা খেলোয়াড় মানেন কোমান, ‘আমি বলব, লিও খুব ভালো খেলোয়াড়। বিশ্বের সেরা। প্রতিদিনই আমি তাঁর উচ্চাকাঙ্ক্ষা ও জয়ের মানসিকতা দেখি।’






