পাঁচ বছরে ৩ হাজার ৯৩৮ কোটি ৮০ লাখ টাকা লোকসান দিয়েছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)। ক্রমাগত লোকসানের পেছনে আটটি কারণ চিহ্নিত করেছে রাষ্ট্রায়ত্ত এই সংস্থা। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে উপস্থাপন করা এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
যে আট কারণে সংস্থাটি লোকসান গুনছে সেই সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, চিনির উৎপাদন খরচের চেয়ে বিক্রয়মূল্য কম হওয়া; বিশ্বব্যাপী চিনির দাম কমে যাওয়া; পুঞ্জীভূত ঋণ ও সুদের পরিমাণ অনেক বেশি হওয়া; পোকা ও রোগবালাই প্রতিরোধসক্ষম আখের জাত উদ্ভাবন না হওয়া; দীর্ঘদিনের পুরোনো ও জরাজীর্ণ কারখানা; বেসরকারি খাতে আমদানি করা ‘র’ সুগার থেকে পরিশোধিত চিনি উৎপাদন করে কম দামে বাজারজাতের ফলে বিএসএফআইসির চিনি অবিক্রীত থাকা; আখের মূল্য ও চিনির মূল্যের মধ্যে সামঞ্জস্য না থাকা, উৎপাদন খরচ বেড়ে যাওয়া ও চিনি সংগ্রহের হার কমে যাওয়ায় লোকসান হচ্ছে।






