বন্ধ রাখার নির্দেশ এলেও খোলা বেশ কিছু সিনেমা হল

বেলা ১১টা ৩৫ মিনিটে খুলে গেল অভিসার সিনেমা হলের টিকিট কাউন্টারের সামনের কলাপসিবল গেট। তিন–চারজন ভবঘুরে অপেক্ষা করছিলেন। টিকিট কাউন্টার খুলতেই হাত পেতে দিলেন টিকিটের জন্য। ৬০ টাকা দিয়ে টিকিট কিনে চলে গেলেন তিনতলার রজনীগন্ধায়। অভিসারের ওপর তলায় নেপচুনে ইংরেজি ছবি দেখতে যাঁরা টিকিট কাটলেন, তাঁদের দুজনই ছিলেন ভবঘুরে। নোংরা পোশাকে, ময়লা পুঁটলি কাঁধে, ছেঁড়া জুতা পায়ে হলের ভেতরে ঢোকেন তাঁরা।

১৮ মার্চ থেকে আগামী ২ এপ্রিল পর্যন্ত দেশের সব সিনেমা হল বন্ধের সিদ্ধান্ত নেয় চলচ্চিত্র প্রদর্শক সমিতি। কিন্তু গতকাল রাজধানীর কয়েকটি সিনেমা হলে গিয়ে দেখা গেল, হলমালিকেরা সমিতির নির্দেশ মানছেন না। করোনার ঝুঁকি উপেক্ষা করে হল খোলা রাখা হয়েছে। টিকিট বিক্রি চলছে, চলছে ছবির প্রদর্শনী। এর মূল কারণ মূলত সমিতির সদস্যদের নেতৃত্বে দ্বন্দ্ব।
টিকাটুলীর অভিসারে চলছে শাকিব খান অভিনীত পুরোনো ছবি ‘হিংস্র মানব’। বেলা সোয়া ১১টায় সেখানে গিয়ে দেখা গেল, হলের মূল ফটক খোলা। নিরাপত্তারক্ষীর কাছে জানতে চাওয়া হয়, আজ শো চলবে কি না। তিনি জানান, সরকারের কাছ থেকে হল বন্ধের কোনো নির্দেশ তাঁরা পাননি। আজ বৃহস্পতিবারও দেখা গেছে হলটি খোলা।