চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট কমাতে নতুন পদক্ষেপ নিয়েছে রাজস্ব বোর্ড। এ জন্য দুটি আদেশ জারি করেছে সংস্থাটি। একটি হলো, বন্দর থেকে চট্টগ্রামের ১৯টি বেসরকারি ডিপোতে ছয় ধরনের আমদানি পণ্যবাহী কনটেইনার সরিয়ে নেওয়া। আরেকটি হলো, ঢাকার কমলাপুরগামী কনটেইনার নৌপথে মুন্সিগঞ্জের মুক্তারপুরে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডে নেওয়ার আদেশ।
আজ শনিবার রাজস্ব বোর্ড এই দুটি আদেশ জারি করে। রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব মেহরাজ–উল–আলম সম্রাট স্বাক্ষরিত এই আদেশ অনুযায়ী, আগামী ৩০ জুন পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। বন্দর থেকে যাতে কনটেইনারের সংখ্যা কমে, সে জন্য সাময়িকভাবে এই সুবিধা দেওয়া হয়েছে। বন্দর কর্তৃপক্ষ পণ্য ওঠানো–নামানো ও সংরক্ষণ করতে পারলেও পণ্যের শুল্কায়ন ও কোথায় থেকে কোন পণ্য খালাস নেওয়া যাবে, তা ঠিক করে রাজস্ব বোর্ড ও এর আওতাভুক্ত প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমস।
আমদানি পণ্যবাহী কনটেইনার ব্যবসায়ীরা খালাস না করায় জট কমাতে বন্দর কর্তৃপক্ষ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের অনুরোধে এই আদেশ দিয়েছে রাজস্ব বোর্ড। বন্দর দিয়ে আমদানি হওয়া ৩৮ ধরনের পণ্যবাহী কনটেইনার আগে ডিপোতে নিয়ে খালাসের বাধ্যবাধকতা ছিল। নতুন আদেশ অনুযায়ী, এই সংখ্যা ৪৪টিতে উন্নীত হয়েছে। অন্যদিকে কমলাপুর ডিপোগামী সব ধরনের কনটেইনার নৌপথে সামিটের নৌ টার্মিনালে নেওয়া যাবে।
যে ৬টি পণ্য চট্টগ্রামের ১৯টি ডিপোতে সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে, সেগুলো বন্দরে কত কনটেইনার রয়েছে, তার সঠিক সংখ্যা জানা যায়নি। তবে বন্দরে এখন আমদানি পণ্যবাহী গড়ে ৪৫ হাজার কনটেইনার রয়েছে। যেগুলোর মধ্যে ছয় ধরনের পণ্যবাহী কনটেইনারের সংখ্যা খুব বেশি হবে না বলে ধারণা করছেন বন্দর কর্মকর্তারা।
নতুন আদেশ অনুযায়ী, ডিপোতে সরিয়ে নেওয়া যাবে এমন নতুন ছয় ধরনের পণ্য হলো সব ধরনের বীজ, ফাইবার, ওষুধ প্রশাসনের ব্লক লিস্টেট পণ্য, উৎপাদনকারী প্রতিষ্ঠানের আমদানি করা সুতা, টায়ার কর্ড ও কীটনাশকজাতীয় পণ্য। এর মধ্যে আগে কয়েকটি বীজ ও ফাইবার খালাসের অনুমতি দেওয়া হয়েছিল। এখন সব ধরনের বীজ ও ফাইবার এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মূলত রাজস্ব ঝুঁকি বিবেচনা করে কম শুল্কের আমদানি পণ্য ডিপোতে সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে বলে রাজস্ব বোর্ডের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন।
বন্দরের সচিব ওমর ফারুক প্রথম আলোকে জানান, রাজস্ব বোর্ডের আদেশ অনুযায়ী ৩৮ ধরনের আমদানি পণ্যের সঙ্গে নতুন ৬ ধরনের পণ্যবাহী কনটেইনারও এখন বন্দর থেকে ডিপোতে সরিয়ে নেওয়ার কাজ শুরু হচ্ছে। একইভাবে কমলাপুর ডিপোগামী কনটেইনার নৌপথে সামিটের নৌ টার্মিনালে নেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে।
গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি শুরুর পর বন্দর চত্বর থেকে পণ্য খালাসের হার কমে যায়। সাধারণ ছুটি দুই দফা বাড়ানোর পর পণ্য খালাসের হার আরও কমে আসে। এতে বন্দর চত্বরে নতুন করে জাহাজ থেকে কনটেইনার নামিয়ে রাখার জায়গা কমতে থাকে। বিষয়টি নিয়ে ১৩ এপ্রিল প্রথম আলোতে ‘কতদিন সচল রাখা যাবে চট্টগ্রাম বন্দর’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বন্দর সচল রাখতে পণ্য খালাসের হার বাড়ানোর পাশাপাশি বেসরকারি ডিপোতে কনটেইনার সরিয়ে নেওয়ার কথা বলা হয়। সে সময় ডিপোতে ২০ হাজার কনটেইনার রাখার জায়গা ফাঁকা আছে বলে জানানো হয়।
এ পরিস্থিতিতে ১৪ এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের উদ্যোগে চট্টগ্রাম সার্কিট হাউসে এক আলোচনা সভায় বেসরকারি ডিপোতে কনটেইনার সরিয়ে নেওয়ার বিষয়টি আলোচনা হয়। এই সুপারিশ বাস্তবায়নের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ে সুপারিশ পাঠায় বন্দর কর্তৃপক্ষ। নৌপরিবহন মন্ত্রণালয় তা বাস্তবায়নে রাজস্ব বোর্ডকে অনুরোধ করে। এর দুই দিনের মাথায় রাজস্ব বোর্ড এই আদেশ জারি করে। অবশ্য বন্দর থেকে পাঠানো সুপারিশে বিজেএমইএ ও বিকেএমইএ এই দুই সংগঠনের সদস্যদের আমদানি করা কনটেইনার সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছিল। কারণ, সে সময় সংগঠন দুটির আমদানি পণ্যবাহী কনটেইনারের সংখ্যা ছিল ১৪ হাজারের মতো।
বেসরকারি ডিপো মালিক সমিতির মহাসচিব রুহুল আমিন সিকদার প্রথম আলোকে জানান, তাঁরা ছয় ধরনের কনটেইনার পণ্য সরিয়ে নেওয়ার আদেশ পেয়েছেন। এই ধরনের পণ্যবাহী কনটেইনারের সংখ্যা কত, তা জানার চেষ্টা করছেন।






