ফেসবুকে অ্যাকাউন্ট খুলেই চমকে গিয়েছিলেন শাবনূর। তাঁর নামেই আছে শ খানেক পেজ। তাই নিজেই অ্যাকাউন্ট খুলে জানিয়ে দিয়েছিলেন আসল শাবনূর কে? কিন্তু বিড়ম্বনা এড়ানো যায়নি। সেসব ফেক ফেসবুক আইডি, পেজ আর গ্রুপ থেকে চাঁদাবাজি করা হচ্ছে—এমন অভিযোগ তুলেছেন এই অভিনেত্রী। এতে তিনি যেমন বিড়ম্বনায় পড়েছেন, তেমনি প্রতারিত হচ্ছেন শাবনূর–ভক্তরা।
এই অভিনেত্রী জানিয়েছেন, ইতিমধ্যে প্রতারক চক্রের খোঁজে নেমে পড়েছেন তিনি। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদেরও এই প্রতারক চক্রের ব্যাপারে সাবধান হতে অনুরোধ জানিয়েছেন। অস্ট্রেলিয়ার সিডনি থেকে তিনি শুক্রবার সন্ধ্যায় জানান, শিগগিরই তাঁদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবেন।






