করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে কুপোকাত ভারত। এরই মধ্যে দেশটিতে সংক্রমণ দেখা দিয়েছে ব্ল্যাক ও হোয়াইট ফাঙ্গাসের। দেশটির গণমাধ্যমের খবর অনুসারে, প্রায় নয় হাজার ভারতীয় এ পর্যন্ত ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত হয়েছে। ফলে, এই ফাঙ্গাস নিয়ে এক ধরনের ভয় ছড়িয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, এই ফাঙ্গাসের সংক্রমণ সম্পর্কে অনেকের কাছে পর্যাপ্ত তথ্য নেই। ফলে, বিড়ম্বনায় পড়তে হচ্ছে অনেককে। সংক্রমণ শুরুর পর প্রশ্ন উঠছে, ব্ল্যাক ফাঙ্গাস কি ছোঁয়াচে? এই ফাঙ্গাসের সংক্রমণ কি একজন থেকে অন্যজনে ছড়ায়?
ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ নিয়ে টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে কথা বলেছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের পরিচালক ও চিকিৎসক রণদীপ গুলেরিয়া। তিনি বলেন, ব্ল্যাক ফাঙ্গাস সংক্রামক নয়। রোগ প্রতিরোধ ক্ষমতা কম হলে এই ফাঙ্গাসের সংক্রমণঝুঁকি বাড়ে। ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত ব্যক্তিদের মধ্যে ৯৫ শতাংশ ডায়াবেটিক অথবা স্টেরয়েড নেওয়া রোগী।






