প্রাপ্তবয়স্ক ব্যক্তির হৃদয়বান্ধব খাদ্যতালিকা

দৈনন্দিন খাদ্যাভ্যাস ও জীবনাচরণই পারে হৃদ্‌রোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনতে। কী ধরনের খাবার খেলে কিংবা কোন কোন অভ্যাসের কারণে মানুষ হৃদ্‌রোগের ঝুঁকিতে থাকে, সেগুলো সম্পর্কে সবারই সচেতনতা দরকার।

হৃদ্‌রোগের অন্যতম ঝুঁকি হলো উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও রক্তে চর্বির আধিক্য। এই সব কটি নিয়ন্ত্রণেই খাদ্যাভ্যাসের আছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই হৃদ্‌রোগের ঝুঁকি এড়াতে আপনার আহারের তালিকা থেকে বাদ দিতে হবে কিছু খাবার।

বাদ যেসব খাবার

কলিজা, মগজ, হাড়ের মজ্জা: কলিজা, মগজ, হাড়ের মজ্জা—এই অংশগুলোতে বেশি পরিমাণ কোলেস্টেরল থাকে। তাই হৃদ্‌রোগীর কলিজা, মগজ বা নেহারি–জাতীয় খাবার বর্জন করা উচিত।

চিংড়ি: হৃদ্‌রোগীদের জন্য আরেকটি বর্জনীয় খাবার হলো চিংড়ি। দেখা গেছে, ক্যালরি এবং ফ্যাট কম থাকলেও চিংড়িতে আছে প্রচুর পরিমাণে কোলেস্টেরল। সাড়ে তিন আউন্স ওজনের চিংড়ি মাছে পাওয়া যায় ১৮৯ মিলি গ্রাম কোলেস্টেরল।

মাছের মুড়ি ও ডিম: রক্তের লিপিড প্রোফাইল বাড়িয়ে দেয় যে উপাদানগুলো, সেই এলডিএল বা ক্ষতিকর কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের উৎস হচ্ছে মাছের মুড়ি বা মাছের ডিম।