২০১১ সালে মুখের ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বাংলাদেশের পপগানের সম্রাট আজম খান। প্রথমে মুখে ঘা, এরপর ধীরে ধীরে তা রূপ নিয়েছিল ক্যানসারে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনের যোদ্ধা ছিলেন আজম খান। ক্যানসারের সঙ্গে যুদ্ধটাও চালিয়েছিলেন সাহসিকতার সঙ্গে। কিন্তু প্রাণঘাতী রোগের নির্মমতার সঙ্গে পেরে ওঠেননি। তারও আগে ১৯৯৬ সালে মুখের ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন শহীদজননী জাহানারা ইমাম।
৪০ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে মুখের ক্যানসার হওয়ার আশঙ্কা বেশি থাকে। ফলে মুখের ভেতরের নিচ ও ওপরের দিক, ঠোঁট, গলা, গাল, মাড়ি, জিব প্রভৃতির কোনো অংশে অস্বাভাবিকতা অনুভব করলে সঙ্গে সঙ্গে সতর্ক হওয়া জরুরি।






