ঘণ্টার পর ঘণ্টা বসে কাজ করলে শরীরের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। এটা জেনেও আমাদের কিছু করার থাকে না। কারণ, অফিসে কাজ করতে গেলে এটা মেনে নিতেই হবে। কিন্তু আমরা কি জানি, বসে কাজের দরুন শরীরের যে ক্ষতি হচ্ছে, তা কীভাবে পুষিয়ে নেওয়া সম্ভব? কিংবা প্রতিদিন এর জন্য কতক্ষণ আমাদের সক্রিয় থাকতে হবে?
সম্প্রতি একটি গবেষণা বলছে, প্রতিদিন ৩০-৪০ মিনিট ঘাম ঝরাতে হবে। তবে দুলকি চালে নয়; বরং একটু বেশি কায়িক শ্রম লাগবে। আর ৪০ মিনিট ঠিকঠাক ঘাম ঝরাতে পারলে প্রতিদিন ১০ ঘণ্টা বসে কাজ করলেও সমস্যা হবে না; বরং সেটা পুষিয়ে যাবে।
তবে গবেষণা এ–ও বলছে, টানা বসে না থেকে মাঝেমধ্যে উঠে দাঁড়ালেও কিছুটা কাজ হবে। সামান্য পায়চারি করতে পারলে তো কথাই নেই।
এই পরিস্থিতি মানুষকে আবার গৃহবন্দী করছে। তাতে করে মানুষ আরও অলস হতে বাধ্য হচ্ছে। তা সত্ত্বেও মানুষের উচিত নিজের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া এবং নিষ্ক্রিয়তার কুফল থেকে নিজেকে মুক্ত রাখা।
শুরুতে উল্লেখিত গবেষণাপত্রের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা বেশ সামঞ্জস্যপূর্ণ। কারণ, ওই গবেষণায় প্রতিদিন ৩০-৪০ মিনিট মাঝারি থেকে কঠোর ব্যায়ামের কথা বলা হয়েছে। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রতি সপ্তাহে ১৫০-৩০০ মিনিট মাঝারি অথবা ৭৫-১৫০ মিনিট কঠোর শারীরিক শ্রমের কথা। তাহলেই বসে থাকার ফলে শরীরের যে সমস্যা তৈরি হবে, তার ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।






