প্রণোদনায় বেসরকারি খাতের ঋণ বাড়ছে

করোনাভাইরাসের কারণে পোশাক খাতের শ্রমিকদের বেতনের প্রায় ১০ হাজার কোটি টাকার কম সুদের ঋণ দিয়েছে ব্যাংকগুলো। এর বাইরে বিভিন্ন প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণও শুরু হয়েছে। ফলে বাড়তে শুরু করেছে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, গত এপ্রিলে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ৮২ শতাংশ। গত আগস্টে যা বেড়ে হয়েছে ৯ দশমিক ৩৬ শতাংশ। এই হার গত জুলাইয়ে ছিল ৯ দশমিক ২০ শতাংশ।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, করোনাভাইরাসের কারণে প্রায় ৮৬ হাজার কোটি টাকা টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এসব ঋণের সুদহার ২ থেকে ৫ শতাংশ পর্যন্ত। আবার কেন্দ্রীয় ব্যাংক এর অর্ধেক টাকা পুনঃ অর্থায়ন হিসেবে দিচ্ছে।

ব্যাংকগুলোর ওপর এই ঋণ বিতরণে কেন্দ্রীয় ব্যাংকের বেশ চাপ রয়েছে। আবার সুদ কম হওয়ায় ব্যবসায়ীরাও এসব ঋণের পেছনে ঘুরছেন।