পূর্ব ইউরোপে সেনা সংখ্যা দ্বিগুন করার চিন্তা-ভাবনা করছে যুক্তরাজ্য। ইউক্রেইন নিয়ে টান টান উত্তেজনার মধ্যে রাশিয়ার উপর চাপ বাড়ানোর বিকল্প পথ হিসাবেই মন্ত্রীরা এমন কথা ভাবছেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ওই অঞ্চলে সেনা বাড়ালে তা ক্রেমলিনকে স্পষ্ট বার্তা দেবে।
বিবিসি জানায়, পূর্ব ইউরোপকে সম্ভাব্য যুদ্ধ থেকে বাঁচাতে ব্রিটেনের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীরা রাশিয়ার প্রতিরক্ষা ও পররাষ্ট্রন্ত্রীদের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন।
তাছাড়া, জনসন আগামী কয়েকদিনের মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করবেন।সেইসঙ্গে এ সপ্তাহে পূর্ব ইউরোপ সফরের পরিকল্পনা রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর।
ইউক্রেইন সংকট নিয়ে তিনি বলেন, “রাশিয়ার অস্থিতিশীল কর্মকাণ্ড ব্রিটেন কখনও সহ্য করবে না। আমরা সবসময় আমাদের নেটো মিত্রদের সঙ্গে আছি।”
তিনি আরও বলেন, “প্রেসিডেন্ট পুতিন রক্তপাত এবং ধ্বংস বেছে নিলে তা ইউরোপের জন্য মর্মান্তিক হবে। ইউক্রেইনকে অবশ্যই তাদের ভবিষ্যত বেছে নেওয়ার সুযোগ দিতে হবে।”
“আমি আমাদের সশস্ত্র বাহিনীকে আগামী সপ্তাহেই ইউরোপজুড়ে মোতায়েন হওয়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছি। এর মধ্য দিয়ে আমরা আমাদের নেটো মিত্রদের স্থল, সমুদ্র ও আকাশপথে সহায়তা দিতে সক্ষম থাকার বিষয়টি নিশ্চিত করছি।”
পূর্ব ইউরোপের দেশ এস্তোনিয়ায় ৯শ’র বেশি ব্রিটিশ সেনা মোতায়েন রয়েছে। তাছাড়া, ইউক্রেইনে প্রশিক্ষণ মিশনে ১০০’র বেশি এবং পোল্যান্ডে ১৫০ ব্রিটিশ সেনা মোতায়েন রয়েছে।
রাশিয়া ইউক্রেইনে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্র দেশগুলো। তবে রাশিয়া বরাবরই এ ধরনের পরিকল্পনা থাকার কথা অস্বীকার করে আসছে।
তারপরেও ইউক্রেইনকে সহযোগিতা করতে ওই অঞ্চলে যুক্তরাজ্য কেবল সেনা সংখ্যা বাড়ানোই নয়, বরং এর সঙ্গে এস্তোনিয়ায় প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠাবে যুক্তরাজ্য।
তাছাড়া, নেটো মিত্রদেশগুলোর সুরক্ষায় যুক্তরাজ্য যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও সমর বিশেষজ্ঞদেরও সেখানে পাঠাতে পারে। উপরন্তু, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রণালয় সোমবার পার্লামেন্টে রাশিয়ার ওপর কঠিন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিতে পারে বলেও মনে করা হচ্ছে।






