আর্জেন্টিনার সরকার গতকাল সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টেলাম আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিয়েছে। এটিকে এখন রাষ্ট্রীয় বিজ্ঞাপন ও ‘প্রচারণা’ সংস্থায় রূপান্তর করা হবে।
সংবাদ সংস্থাটি বামপন্থীদের প্রতি পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেছিলেন দেশটির কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই। তাঁর এমন অভিযোগের পর এখন সংবাদ সংস্থাটি বন্ধ করে দেওয়া হলো।
১৯৪৫ সালে টেলাম প্রতিষ্ঠিত হয়। সবশেষ কর্মিসংখ্যা ৭০০ জনের বেশি। সরকারি এক বুলেটিনে বলা হয়, সংবাদ সংস্থা হিসেবে টেলামের কার্যক্রম বন্ধ হবে। এটি নতুন কার্যাবলি গ্রহণ করবে।
টেলামের নতুন নাম হবে রাষ্ট্রীয় বিজ্ঞাপন সংস্থা (এপিই)। জাতীয় ও আন্তর্জাতিক বিজ্ঞাপনের উন্নয়ন, তৈরি, বাজারজাতকরণ ও বিতরণের কাজ করবে এপিই।






