সিরিজের ৫ ম্যাচে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ৩ নম্বরে খেলতে এলেন এ ম্যাচেই প্রথমবার নামা সৌম্য। ফেরাটা সুখকর হয়নি তাঁর। কোল ম্যাকনকিকে কাট করতে গিয়ে গুলিয়ে ফেলে ক্যাচ তুলেছেন, পয়েন্টের সামনে ডাইভ দিয়ে সেটা দারুণভাবে নিয়েছেন রাচিন রবীন্দ্র। পরের ওভারে বেন সিয়ার্সের গতির কাছে হার মেনে কট বিহাইন্ড হয়েছেন ২৩ বলে ২১ রান করা নাঈম। হতাশার সিরিজের শেষটাও এরপর হতাশা দিয়েই শেষ হয়েছে মুশফিকের, ৮ বলে ৩ রান করে রবীন্দ্রকে তুলে মারতে গিয়ে লং-অফে ধরা পড়েছেন তিনি। সিরিজে ৫ ইনিংসে মুশফিক দুই শূন্যসহ করলেন মাত্র ৩৯ রান। খেলেছেন ৭৫ বল। টি-টোয়েন্টিতে এতটা বাজে স্ট্রাইকরেট নিয়ে একাধিক ম্যাচের সিরিজ শেষ করেননি মুশফিক।






