নদী ভরাট করে রাস্তা তৈরি

কক্সবাজারের মহেশখালীর মানুষের জীবন-জীবিকার সঙ্গে যেন মিশে রয়েছে কোহেলিয়া নদীটি। মহেশখালী দ্বীপের উত্তর-পশ্চিম দিক দিয়ে বয়ে গিয়ে নদীটি বঙ্গোপসাগরে পড়েছে। সেই অনাদিকাল থেকে মহেশখালীর বাণিজ্য ও পণ্য পরিবহনের বেশির ভাগই কোহেলিয়া দিয়েই হয়ে আসছে। এখন নদীর তীর ভরাট করে রাস্তা তৈরির কার্যক্রম চলায় বড় নৌকাগুলো চলতে পারছে না। প্রাণ আর পরিবেশেরও ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রগুলো জানায়, মহেশখালীর মাতারবাড়ীতে কায়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পে যাতায়াতের জন্য কোহেলিয়ার বুক ভরাট করে তৈরি হচ্ছে পাকা সড়ক। সাড়ে সাত কিলোমিটারের সড়কটির অন্তত পাঁচ কিলোমিটার পড়েছে নদীর তীরের অংশে। ৮০ ফুট প্রস্থের সড়কটি নির্মাণের জন্য নদীর তীরের কোথাও ৩০ ফুট, কোথাও আবার ৫০ ফুট করে ভরাট করা হয়েছে।