নতুন বছরের পোশাকধারা

বিশ্বের ফ্যাশন–ধারার মতো দেশীয় পোশাকের ধারায় আসে পরিবর্তন। রং-নকশায় বৈচিত্র্য খোঁজেন ফ্যাশনসচেতনরা। গত দশকের বেশ কিছু জনপ্রিয় ধারা নতুন দশকে হারিয়ে যেতে পারে। তবে সব নয়। পুরোনো কিছু নতুন রূপে ফিরে আসবে। ২০২০ সালে আন্তর্জাতিক ও দেশীয় অঙ্গনের পোশাকের রং-নকশা থাকবে অনেকটাই রঙিন।

শিফনে এবার মিলবে নিয়ন ঘরানার রংনকশায় নতুনত্ব

সিকোয়েন্সের ব্যবহার থাকবে প্রচুর। ২০১৯ সালে আন্তর্জাতিক ফ্যাশনে এ ধারা বেশি দেখা গেছে। তবে এ বছর আমাদের দেশে এর প্রচলন বাড়ছে। কামিজেও থাকবে সিকোয়েন্সের কাজ। সব ধরনের পোশাকেই থাকবে চুমকি, জড়ি আর আয়নার কাজ। ধাতব উপকরণ আর এমব্রয়ডারির নকশাও থাকছে। ব্রোকেড থাকছে ২০১৯–এর চেয়েও খানিকটা বেশি। কামিজের কাট ঢোলা করা হবে। ছোট ও বড় অ্যালাইন কাট থাকবে কামিজে। লম্বা কামিজ থাকবে, তবে আনারকলি ধাঁচে। কলি কামিজ বেশ দেখা যাবে। কামিজের ওপরটা একটু চাপা করে নিচের দিকে বেশ ঘের থাকতে পারে। কিংবা কাঁধ ও হাত বড় রেখে কোমরের দিকটা চাপা—এ রকমও হতে পারে। অনেক কুঁচি থাকবে পোশাকে। পোশাকের কোথাও না কোথাও ক্রিডের ব্যবহার থাকতে পারে। বিভিন্ন ধরনের বোল্ড প্যাটার্ন থাকবে পোশাকে। ফ্রিল চলছে কয়েক বছর ধরেই, থাকছে এবারও। তবে ভিন্ন ধাঁচে, বড় আকারে। শাড়িতে ফ্রিলের ব্যবহার ছিল। এবার বড় আকারের ফ্রিল থাকবে কামিজেও। ঢোলা পায়জামা ও চুড়িদারও থাকবে। ধুতি প্যান্ট ও ঘারারার প্রচলন দেখা যাবে বেশ লম্বা আকার ও ঘেরের ছাঁটে।

এ বছরের রং

এ বছর ম্যাজেন্টা বা রানি গোলাপি রং ফিরে আসবে ফ্যাশনে। চলতি শতকে ম্যাজেন্টা ফিরে আসছে এ বছরই। ম্যাজেন্টার এই প্রত্যাবর্তনই এ বছরের ফ্যাশন–ধারার লক্ষণীয় পরিবর্তন হতে পারে। এ ছাড়া বেগুনি, কমলা, সবুজ, ফিরোজা, সোনালি, রয়েল ব্লু বা নেভি ব্লুর মতো উজ্জ্বল রং ফিরে আসবে এ বছর। নানা ধরনের নীল দেখা যাবে। এ ছাড়া ইট, মেহেদি রং, গেরুয়া হলুদ, বিস্কুট রং-ও থাকবে। নিউট্রাল রঙের আধিপত্য কমবে।

হাতার ছাঁটে থাকবে ভিন্নতাব্লাউজের হাতায় বৈচিত্র্য

ব্লাউজে অফ শোল্ডার বা কোল্ড শোল্ডার থাকবে, তবে হাতার ধরনের চলে আসবে বেশ বৈচিত্র্য। খুব বড় আকারের হাতা থাকবে, বড় বড় কুঁচি থাকবে হাতায়। ছোট কিংবা কোমরের দিকে চাপা ব্লাউজ পরলেও হাতা থাকবে বড়সড়। ফ্রিল হাতা কনুই থেকে নয়, বরং বাহু থেকেই আসবে। নিরীক্ষাধর্মী কাজ হবে ব্লাউজের হাতায়।

চলতি বছরের শীতে প্রাধান্য পাবে ভেলভেটকাপড়ে ভিন্নতা

শিফনের প্রচলন ছিলই। এবারও থাকছে। দেখা যাবে সার্টিন, সুয়েড, বেনারসি আর কাতানেও। পোশাকে প্রাধান্য পাবে প্রাণিভিত্তিক নকশা। দীর্ঘদিনের আভিজাত্যময় মসলিনের জনপ্রিয়তা কমতে পারে। আন্তর্জাতিক অঙ্গনে চামড়ার প্যান্ট, কোট ও জ্যাকেটের দেখা মিলবে।