নতুন একটি গান গেয়েছেন সংগীতশিল্পী তাশফী

কথায় কথায় তিনি বললেন, ‘অতীত জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনায় আমি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত ছিলাম যে, স্বাভাবিক জীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। যেই গান আমার শক্তি–সাহস ও এগিয়ে যাওয়ার প্রেরণা, সই গান করারও সাহস পাচ্ছিলাম না। অনেক চেষ্টার পর সেই কষ্ট দিনের সময়টাকে গানের মাধ্যমে তুলে ধরেছি। কিছুটা হলেও হালকা বোধ করছি।’তাশফীর মতে, ‘আলো’ গানটি তাঁর জন্য প্রথম একক—যার কথা, সুরে ও গানের চিত্রায়ণে শুধু তাকেই খুঁজে পাওয়া যাবে। আরাফাত কাজীর কথায় তাশফীর সুরে গানটির সংগীতায়োজন করেছেন পশ্চিমবঙ্গের সংগীত পরিচালক সুদীপ্ত পাল। গানের ভিডিওতে মডেল হয়েছেন সারাহ আলম। আর ভিডিওটি নির্মাণ করেছেন ইলাজার ইসলাম। তাশফী বলেন, ‘একজন মানুষ যখন কারও দ্বারা নির্যাতন বা সহিংসতার শিকার হন, অবদমিত হন, তখন তিনিই জানেন তার কেমন লাগে। সে অন্ধকার থেকে অনেকেই তখন আলো খুঁজে পান না। এ গান সেসব মানুষের শক্তি এবং সাহস জোগাবে। তাই এই গানের নাম ‘আলো’। সারা জীবন যত গানই করি, এটি আমার কাছে বিশেষ একটি গান হয়ে থাকবে।’