ধানের দাম কমেছে,ভোগান্তিতে পড়তে হয়েছে কৃষকদের

এক দিনের ব্যবধানে নওগাঁর বাজারে প্রতি মণ ধানের কমেছে ১০০ টাকা। চাল আমদানির শুল্ক কমিয়ে দেওয়ার খবরে স্থানীয় বাজার থেকে মিলমালিকেরা (চালকলের মালিক) ধান কেনা কমিয়ে দেওয়ায় এমন ভোগান্তিতে পড়তে হয়েছে কৃষকদের।
তবে নওগাঁর বিভিন্ন চালের মোকামে খোঁজ নিয়ে জানা গেছে, ধানের দাম কমলেও চাল আগের দামেই বিক্রি হচ্ছে। স্থানীয় খুচরা বাজারেও আগের দামেই চাল বিক্রি হচ্ছে। তবে আমদানি করা চাল দেশের বাজারে ঢুকলে চালের দাম কমতে পারে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা বলছেন, চাল আমদানির শুল্ক কমিয়ে দেওয়ায় ২০১৭-১৮ সালের মতো নিয়ন্ত্রণহীন আমদানি হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যাপক পরিমাণ চাল আমদানি হলে দেশের চালের বাজার অস্বাভাবিকভাবে কমে যেতে পারে। এই পরিস্থিতে মিলাররা চিন্তাভাবনা করে ধান কিনছেন। আমদানি করা চাল দেশের বাজারে ঢুকলে ভবিষ্যতে ধান-চালের বাজার আরও পড়ে বড় ধরনের লোকসান হতে পারে—এমন আশঙ্কায় ধান কেনা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মিলাররা।

গতকাল রোববার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চাল আমদানির শুল্ক ৬২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করার ঘোষণা দেন। নতুন শুল্কহারে চাল আমদানি করতে আগামী ১০ জানুয়ারির মধ্যে মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন আমদানিকারকেরা।